২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়েছে কুরুনেগালাতে, সর্বনিম্ন জাফনায়

শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কুরুনেগালা জেলায় সর্বোচ্চ ৭৫ ভাগ এবং সর্বনিম্ন জাফনায় মাত্র দশমিক পাঁচ ভাট ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন সেখানকার নির্বাচন কমিশনার দয়ানন্দ দেশানায়েকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

দেশানায়েকে গনমাধ্যমগুলোকে জানান, এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন হয়েছে এবং আমার কাছে তেমন কোন অঘটনের খবর নেই।

এদিকে নির্বাচনের দিন সাধারণ নাগরিক, বিভিন্ন নির্বাচন কেন্দ্র এবং সেনাদের ওপর তামিল টাইগারদের কয়েক দফা হামলায় অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

শ্রীলংকায় গত দুই দশকে বিদ্রোহী তামিল টাইগারদের সাথে সরকারি সৈন্যদের সংঘর্ষে ৬০ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে।

দেশটির কালুতারায় ৬৩ ভাগ এবং নুওয়ারা ইলিয়ায় ৭০ ভাগ ভোটার ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনার অবশ্য আরও বেশিসংখ্যক ভোটের আশা করছেন। তিনি বলেন, ভোটদানের পরিমান ৭৮ থেকে ৮২ ভাগ হতে পারে।

এদিকে তামিল টাইগাররা নির্বাচনের সারাদিন তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে জনগনকে নির্বাচন কেন্দ্রগুলোতে যেতে বাধা প্রদান করেছে।

আশা করা হচ্ছে, শুক্রবার নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় বৃহস্পতিবার সকাল থেকেই ভোট গ্রহন শুরু হয়।

নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা রনিল বিক্রমাসিংহের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা হচ্ছে।

তামিলদের সাথে শান্তি প্রক্রিয়া ও অর্থনীতির প্রশ্নে ক্ষমতাসীন শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির রাজাপাকসে ও বিরোধী দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা বিক্রমাসিংহের অবস্থান প্রায় বিপরীত। সেন্টার ফর পলিসি অলটারনেটিভসের বিশ্লেষক পাইকিয়াসোথি সারাভানামোতু বলেছেন, তাদের মধ্যেই জোরালো প্রতিদ্বন্দ্বিতা হবে।

এই নির্বাচনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার এক দশকেরও বেশি শাসনামলের অবসান ঘটবে। তিনি ১৯৯৪ সাল থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রেসিডেন্ট নির্বাচনে এক কোটি ত্রিশ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সাতটায় (গ্রীনিচ মান সময় ০১০০টা) ভোটগ্রহণ শুরু হয়েছে এবং তা চলে ১৬০০টা (১০০০জিএমটি) পর্যন্ত।

নির্বাচন উপলক্ষে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সারা দেশে নির্বাচন হওয়ার কথা থাকলেও তামিল টাইগার-নিয়ন্ত্রিত শ্রীলঙ্কার উত্তর ও পূর্বাঞ্চলে কোনও ভোটগ্রহণ হবে না। তামিল কর্তৃপক্ষ বলেছে, নির্বাচনে তাদের কোনও আগ্রহ নেই এবং কে জয়লাভ করল, তা নিয়ে তাদের কোন মাথাব্যাথা নেই।

নির্বাচন প্রক্রিয়ায় তারা হস্তক্ষেপ করবে না বলে লিবারেশন টাইগার অব তামিল ইলম (এলটিটিই) জানিয়েছে।

শুক্রবার নির্বাচনের ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।