ভূমিকম্পের ক্ষতি কাটিয়ে উঠতে পাকিস্তানের প্রয়োজন ৫২০ কোটি ডলার: মোশাররফ
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, অক্টোবরের ভূমিকম্পের ক্ষতি কাটিয়ে উঠতে তার দেশের কমপক্ষের ৫২০ কোটি মার্কিন ডলারের সহায়তা প্রয়োজন।
ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে প্রাপ্ত সহায়তাকে অপ্রতুল আখ্যায়িত করেছেন মোশাররফ। ইসলামাবাদে শনিবারের কনফারেন্সে আরও বেশি পরিমাণে প্রয়োজনীয় অর্থের প্রতিশ্রুতি মিলবে বলে তিনি আশা করছেন।
জাতিসংঘ মহাসচিব কফি আনান এবং আন্তর্জাতিক সংস্থা ও দাতা গোষ্ঠীগুলোর প্রধানরা ওই কনফারেন্সে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে পাকিস্তান বলেছে, ত্রাণ তৎপরতার অংশ হিসেবে বৃহস্পতিবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্ত দিয়ে বেসামরিক লোকজনকে যাতায়াতের অনুমতি দেওয়া হবে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাশ্মিরের নিয়ন্ত্রণ সীমারেখার উরি-চকোতি পয়েন্ট দিয়ে বেসামরিক লোকদের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।
ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর পঞ্চম পয়েন্টটি বুধবার খুলে দেওয়া হয়েছে এবং সেখান দিয়ে ত্রাণ বিনিময় চলছে।
প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের হিসাব অনুযায়ী ভূমিকম্পের ক্ষতি কাটিয়ে উঠতে পাকিস্তানের ৫২০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। এর আগে মোশাররফ ৫০০ কোটি মার্কিন ডলারের কথা বলেছিলেন।
রাজধানী ইসলামাবাদে মোশাররফ সাংবাদিকদের বলেন, অবকাঠামোগত পুনর্গঠনের জন্য ৩৫০ কোটি ডলার, ত্রাণ তৎপরতার জন্য ১৫০ কোটি ডলার এবং পুনর্বাসন প্রকল্পের জন্য ১০ কোটি মার্কিন ডলার প্রয়োজন।
প্রেসিডেন্ট বলেন, বিশ্ব নেতৃবৃন্দের সাথে আমি এ বিষয়ে কথা বলেছি। তাদের কাছ থেকে আমি ইতিবাচক সাড়া পেয়েছি।
তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি এগিয়ে না আসে, তাহলে আমাদের কিছু একটা করতে হবে। আমাদের অর্থনীতিও যথেষ্ট শক্তিশালী।
হাসপাতাল, স্কুল ও গ্রামের পুনর্বাসনে যে সংস্থাগুলো কাজ করছে সেখানে সরাসরি ব্যক্তিগত সহায়তা প্রদানে পাকিস্তানিদের উৎসাহিত করতে প্রেসিডেন্ট পরিকল্পনা করছেন।
পাকিস্তান বলেছে, ভূমিকম্পে ৭৩ হাজার লোকের মৃত্যু হয়েছে। আর গৃহহীন হয়েছে কমপক্ষে ত্রিশ লাখ লোক।
ভারত বলেছে, ভারত-শাসিত কাশ্মিরে তাদের এক হাজার চারশ’ লোক প্রাণ হারিয়েছে।
