২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির বিল অনুমোদন করেছে পার্লামেন্টের নিম্নকক্ষ

ফ্রান্সের চলমান দাঙ্গা নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে বিশেষ ক্ষমতার মেয়াদ তিন মাস বৃদ্ধির সরকারি পরিকল্পনার অংশ হিসেবে ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষ অনুমোদন করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 10:51 AM

Updated : 26 Apr 2022, 06:18 PM

জরুরি আইন সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইনের বিলটি পার্লামেন্টের উচ্চকক্ষ বা সিনেটের অনুমোদনের প্রয়োজন হবে। সিনেট বুধবার এর উপর ভোট দেবে।

স্বরাষ্ট্র মন্ত্রী নিকোলাস সারকোজি বলেছেন, প্রত্যন্ত অঞ্চলের কঠিন ও জটিল পরিস্থিতি মোকাবিলা করতে আরও দৃঢ় হওয়া প্রয়োজন।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া দাঙ্গাকারীদের অধিকাংশই যে অপরাধী তা জানা গেছে।

জরুরি আইনের আওতায় স্থানীয় কর্তৃপক্ষ কারফিউ জারি করতে পারে। পাশাপাশি ঘরবাড়ি তল্লাশী ও জনসভা নিষিদ্ধ করার বিষয়টি জরুরি আইনে রাখা হয়েছে।

জরুরি আইন সম্পর্কে প্রেসিডেন্ট জ্যাক শিরাক মন্ত্রিপরিষদকে বলেন, বিশেষ ক্ষমতার বিষয়টি ক্ষণস্থায়ী এবং খুব বেশি প্রয়োজন হলেই কেবল তা প্রয়োগ করা হবে।

তিনি বলেন, দেশ জুড়ে অস্থিতিশীলতা এটাই প্রকাশ করে যে ফ্রান্স পরিচয় সংকটে ভুগছে।

তরুণদের জন্য নতুন কাজের সুযোগ সৃষ্টি ও সাম্প্রদায়িকতার বিষাক্ত ছোবলের বিরুদ্ধে লড়াই করার ব্যাপারে প্রেসিডেন্ট শিরাক প্রতিশ্রুতি দিয়েছেন।

বিশেষ ক্ষমতা সংক্রান্ত বিলটি পার্লামেন্টের নিম্নকক্ষে ৩৪৬-১৪৮ ভোটে অনুমোদিত হয়। সিনেটেও সরকারপন্থীদের প্রাধান্য থাকায় খুব সহজেই তা আইনে পরিণত হবে বলে জানা গেছে।