উজবেকিস্তানে কথিত সন্ত্রাসীদের বিরুদ্ধে ঘোষিত রায়ে ওয়াশিংটনের অসন্তোষ
উজবেকিস্তানের আন্দিজানে অভ্যুত্থানের মাধ্যমে ইসলামী শাসন প্রতিষ্ঠা চেষ্টার অভিযোগে অভিযুক্ত কথিত ১৫ সন্ত্রাসীর বিরুদ্ধে ঘোষিত রায়কে মার্কিন যুক্তরাষ্ট্র ত্রুটিপূর্ণ বলে আখ্যায়িত করেছে।
সরকারের পতন ঘটিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত ওই ১৫ ব্যক্তির প্রত্যেককে উজবেকিস্তানের একটি আদালত ১৪ থেকে ২০ বছর কারাদণ্ড দিয়েছেন।
ইসলামী জঙ্গিবাদ দমনের নামে অসন্তোষ অবদমিত করতে গিয়ে নিরাপত্তা কর্মীরা নির্বিচারে গুলি চালিয়ে শতাধিক বেসামরিক লোককে হত্যা করে বলে জানা গেছে।
মার্কিন পররাষ্ট্র অধিদপ্তরের মুখপাত্র এডাম ইরেলি সোমবার বলেন, বিশ্বাসযোগ্য সাক্ষ্য-প্রমাণের উপর ভিত্তি করে এ বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি এবং প্রদত্ত রায় পক্ষপাতহীন নয় বলেই আমাদের বিশ্বাস।
মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই মামলার ব্যাপারে আশংকা প্রকাশ করে আসছিল। আর আন্দিজানের ঘটনার সুষ্ঠু তদন্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায় যে দাবি জানিয়ে আসছিল উজবেক সরকারও সে দাবির প্রতি ইতিবাচকভাবে সাড়া দেয়নি।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন উজবেকিস্তানের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রীসহ ১২ জন শীর্ষ সরকারি কর্মকর্তাকে ভিসা প্রদানের বিরুদ্ধে এক বছর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে মে মাসের ওই অভ্যুত্থানের জন্য সরাসরি যাকে দায়ী করা হচ্ছে সেই প্রেসিডেন্ট ইসলাম কারিমভের বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
এদিকে মস্কো সফররত প্রেসিডেন্ট কারিমভ সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈদেশিক আগ্রাসন প্রতিরোধ সংক্রান্ত এক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন।
উজবেক সরকার জানিয়েছে, আন্দিজানের অস্থিতিশীলতার সময় নিহত ১৮৭ জনের অধিকাংশই সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত। তবে মানবাধিকার সংগঠনগুলো বলেছে, উজবেক নিরাপত্তারক্ষীদের গুলিতে পাঁচ শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
অভিযুক্ত ওই ১৫ ব্যক্তির ১২ জন উজবেকিস্তান ও তিন জন প্রতিবেশী কিরগিজস্তানের নাগরিক।
সন্ত্রাসবাদ, সাংবিধানিকভাবে স্বীকৃত সরকার পতনের ষড়যন্ত্র, হত্যা পরিচালনা এবং জিম্মি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে বলে বিচারক বখতিয়ার জামোলভ রায় ঘোষণার সময় বলেন।
