দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ফ্রান্সকে সাহায্যের প্রস্তাব দিয়েছে ইইউ
দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকন্ঠে অবস্থিত শহরগুলোর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ইউরোপীয় ইউনিয়ন দেশটিকে ৫০ মিলিয়ন ইউরো দেবে বলে ঘোষণা দিয়েছে।
ইউরোপীয় কমিশনের প্রধান হোসে ম্যানুয়েল বারোসো বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষা করতে ফ্রান্সকে এক বিলিয়ন ইউরো পর্যন্ত সহায়তা দেওয়া হতে পারে।
ফ্রান্সের বীমা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, দাঙ্গায় ক্ষয়ক্ষতির সংখ্যা ২০০ মিলিয়ন ইউরো ছাড়িয়ে যাবে।
ফ্রান্সের পুলিশ প্রধান মিশেল গোডিন বলেছেন, পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হয়ে আসতে পারে।
তুলু ও সেন্ট-ইটিনি শহরের মত প্রাদেশিক শহরগুলোতে শনিবার রাতে সহিংসতার ঘটনা ঘটেছে। ওই রাতে কমপক্ষে ৩৭০টি গাড়ি পোড়ানো হয়েছে। শুক্রবারে পোড়ানো হয়েছিল ৫০২টি গাড়ি। আর ৬ নভেম্বর সবচেয়ে বেশি গাড়ি (১,৫০০টি) পোড়ানো হয়।
দক্ষিণাঞ্চলীয় কারপেন্ত্রাস শহরে একটি বিদ্যালয় তছনছ করা হয়।
লিও শহরের সবচে’ বড় মসজিদে পেট্রোল বোমা নিক্ষেপ করা হলেও কোন ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।
ইসি প্রধান বারোসোর প্রস্তাবের ব্যাপারে ফরাসি সরকারের তাৎক্ষণিক কোন বক্তব্য পাওয়া যায়নি। কমিশন লিখিতভাবে প্রধানমন্ত্রী ডেমিনিক ডি ভিলেপিন-এর কাছে সহায়তার প্রস্তাব দিয়েছিল।
ইউরোপ ওয়ান বেতারের সাথে সাক্ষাৎকারে বারোসো বলেন, যুবকদের বেকারত্বের বিষয়টি একটি বড় চ্যালেঞ্জ। কাজের সুযোগ সৃষ্টি করাই হচ্ছে সবচেয়ে বড় সামাজিক রাজনীতি।
তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে ৬০ শতাংশ লোক যখন বেকার থাকে তখন সেটিকে একটি বড় সমস্যা বলেই মনে করতে হবে।
২৭ অক্টোবর দুই কিশোরের মৃত্যুর পর থেকে প্রতি রাতেই ফ্রান্স জুড়ে সহিংসতার ঘটনা ঘটেই চলেছে।
এ পর্যন্ত ৮,৪০০ গাড়ি পোড়ানো হয়েছে এবং শিশু বিদ্যালয় ও শরীর চর্চা কেন্দ্রসহ কয়েক ডজনেরও বেশি সরকারি ভবন তছনছ করা হয়েছে।
দাঙ্গায় ৬১ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছে।
সহিংসতায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২,৬৫২ জনকে আটক করেছে। তাদের মধ্যে ৫৯২ জনকে রিমান্ডে নেয়া হয়েছে।
