ব্রিটেনের রানীকে ইসলামের শত্রু বলে আখ্যায়িত করেছে আল-কায়দা
ওসামা বিন লাদেনের ডেপুটি আইমান আল-জাওয়াহিরি ব্রিটেনের রানী এলিজাবেথ দ্বিতীয়কে ইসলাম ধর্মের চরম শত্রুদের একজন বলে আখ্যায়িত করেছেন। সানডে টাইম্স রোববার এ খবর জানায়।
ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা সানডে টাইম্স জানায়, ব্রিটেনের মাটিতে ৭ জুলাইয়ের আত্মঘাতী বোমা হামলার স্বীকারোক্তি সংবলিত আল-কায়দার সাতাশ মিনিট দৈর্ঘ্যরে একটি ভিডিও টেপ পেয়েছে।
টেপটিতে ব্রিটেনের বর্তমান রানীকে ইসলাম ধর্মের শত্রুদের একজন বলে আখ্যায়িত করা হয় বলে পত্রিকাটি জানিয়েছে।
সানডে টাইম্স জানায়, ব্রিটেনের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এম১৫ রানীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দলকে বিষয়টি অবহিত করেছে।
উদ্ধারকৃত ভিডিও টেপটির অংশবিশেষ সেপ্টেম্বরে আল-জাজিরা টেলিভিশনে প্রচার করা হয়েছিল।
ব্লেয়ার সরকারের শীর্ষ একজন কর্মকর্তা সানডে টাইমসকে জানিয়েছেন, ভিডিওটির অপ্রচারিত অংশটি সম্পর্কে এম১৫ অবগত। আল-কায়দা নেতা জাওয়াহিরি ব্রিটেনের রানীর ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন, সে সম্পর্কেও তারা অবগত। ইতোমধ্যে তারা (এম১৫) যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করেছে।
চার্চ অব ইংল্যান্ডের রানী এলিজাবেথের সন্তুষ্টির জন্য ব্রিটেনের যে সকল মুসলিম নেতৃবৃন্দ কাজ করেন, ভিডিওতে জাওয়াহিরি তাদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেছেন।
