সাদ্দামের ঘনিষ্ঠ সহযোগী ইজ্জত ইব্রাহিমের মৃত্যু
ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ সহযোগী ইজ্জত ইব্রাহিম আল-দাউরি মৃত্যুবরণ করেছেন। ইরাকের সাবেক ক্ষমতাসীন বাথ পার্টি এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ইরাকে প্রতিরোধের নেতা ১১ নভেম্বর স্থানীয় সময় ০২২০টায় (গ্রিনিচ মিন টাইম বৃহস্পতিবার ২৩২০টা) মৃত্যুবরণ করেছেন।
আল-দাউরির মৃত্যুর ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানায়নি। তার আত্মীয়-স্বজন, ইরাকি অথবা মার্কিন কর্মকর্তাদের কেউই তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
ইরাকে সাদ্দাম হোসেন সরকারের পতনের পর আল-দাউরি (৬৩) ছিলেন শীর্ষ পলাতক ব্যক্তি। তাকে ধরিয়ে দেওয়া কিংবা তথ্য দিয়ে সহায়তার বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
সাদ্দাম হোসেনের শাসনামলের যে ৫৫জন শীর্ষ কর্মকর্তাদের ধরিয়ে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র তালিকা প্রকাশ করেছিল, সে তালিকার ছয় নম্বরে ছিলেন আল-দাউরি।
কি কারণে আল-দাউরির মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
তিকরিতে জন্মগ্রহণকারী ইজ্জত ইব্রাহিমকে সাদ্দাম হোসেনের দৈনন্দিন জীবনের ঘনিষ্ঠ সহচর বলে বিবেচনা করা হত।
তিনি ইরাকের সামরিক বাহিনীর ডেপুটি কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি ইরাকের রেভ্যুলেশনারি কমান্ড কাউন্সিলের ভাইস-চেয়ারম্যানের পদেও আসীন ছিলেন।
অস্ট্রিয়ায় তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে।
