২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার খবর ওয়াশিংটনের অস্বীকার

সীমিত আকারে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে ইরানকে অনুমতি প্রদানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সমঝোতা হয়েছে, এমন খবর অস্বীকার করেছে ওয়াশিংটন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 09:10 AM

Updated : 26 Apr 2022, 06:17 PM

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ড. কন্ডোলিৎসা রাইস এ ধরনের সমঝোতার কথা স্বীকার করেননি।

রাইস সাংবাদিকদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোন প্রস্তাব ইরানের কাছে যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনীতিক বলেছেন, সমঝোতার আওতায় ইউরেনিয়ামকে গ্যাসে রূপান্তরিত করতে ইরানকে অনুমতি দেওয়া হবে। আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া চলবে রাশিয়ায়। অবশ্য ইরান আগস্ট থেকেই ইউরেনিয়ামকে গ্যাসে রূপান্তরিত করার কর্মসূচি চালিয়ে আসছে।

তবে এ ব্যাপারে ইরানের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, ইরানের পারমাণবিক ইস্যুর সমাধান খুব কাছাকাছি।

রাইস বলেন, সমঝোতাকে উৎসাহিত করার এটা বেশ ভাল সময়। তবে সাম্প্রতিককালের ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিক্ততার কারণে উভয় পক্ষের মধ্যে প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে মাত্র।

ইউরোপীয় ইউনিয়নের পক্ষে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের সমন্বয়ে গড়া ইইউ৩ পরিচালিত কূটনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরু করতে আইএইএ’র পক্ষ থেকে একটি গোপন চিঠি ইরানের কাছে পৌঁছার কয়েকদিন পরই মার্কিন যুক্তরাষ্ট্র ও ও ইইউ’র মধ্যকার সমঝোতার খবর ছড়িয়ে পড়ে।

আগস্ট মাসে ইরান তার ইসফাহান পারমাণবিক কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প শুরু করায় তেহরান ও ইইউ৩-এর মধ্যে সমঝোতার আলোচনা ভেস্তে যায়।

সমঝোতা সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া চলবে রাশিয়ায়। সেখান থেকে পরবর্তীতে জ্বালানি ইরানে স্থানান্তর করা হবে।

রুশ সরকারের মুখপাত্র নিকোলাই শিনগারিয়োব বলেছেন, রাশিয়া ইরানের কাছে প্রস্তাবটি পাঠিয়েছে। তবে এ ব্যাপারে ইরানের কোন প্রতিক্রিয়া জানা যায়নি।

তবে তেহরানের কাছে প্রস্তাব প্রেরণের ব্যাপারে মার্কিন-ইইউ যে সমঝোতার খবর বেরিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী তা অস্বীকার করেছেন।

মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে ড. রাইস বলেন, এমন কোন সমঝোতা হয়নি এবং তা হবেও না। আমরা এমন সমঝোতার অংশীদার নই এমনকি হতেও চাই না।