২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জনসন সারলেফ জয়ী

লাইবেরিয়ার ‘লৌহ মানবী’ বলে খ্যাত জনসন সারলেফ দেশটির প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেছেন। এ জয়ের ফলে শুধু লাইবেরিয়া নয় আফ্রিকান কোনও দেশের তিনিই প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 08:53 AM

Updated : 26 Apr 2022, 06:17 PM

গণনাকৃত ৯০ শতাংশ ভোটের মধ্যে ৫৯ শতাংশ ভোট পেয়ে তিনি জয়লাভ করেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবলার জর্জ উইয়াহ পেয়েছেন ৪১ শতাংশ ভোট।

সারলেফ সাংবাদিকদের বলেন, তিনি আশা করেন, উইয়াহ সকল হতাশা কাটিয়ে তার সরকারে যোগ দেবেন।

পর্যবেক্ষকরা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ বলে ঘোষণা করেছেন। কিন্তু পরাজিত প্রার্থী উইয়াহ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন কর্মকর্তাদের কঠোর সমালোচনা করেছেন।

সারলেফ বলেন, দ্বিতীয় দফার নির্বাচনে তার এ জয় শুধু লাইবেরিয়ার নারীদেরই নয় বরং আফ্রিকার নারীদের রাজনীতিতে অংশগ্রহণ বাড়াবে।

দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধ শেষে অনুষ্ঠিত প্রথম নির্বাচনকে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী বিভিন্নস্থানে অতিরিক্ত সেনা মোতায়েন করে।

এদিকে নির্বাচন সংশ্লিষ্ট একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, কিছু অনিয়ম হয়েছে, কিন্তু তা নির্বাচনের চূড়ান্ত ফলাফলে কোনও প্রভাব ফেলবে না।

তবে ভোট কারচুপির অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ব আফ্রিকা অঞ্চলের ইকোনমিক কমিউনিটির প্রধান ইএম ডেবরাহ বলেন, সাধারণভাবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তদন্তের আগ পর্যন্ত কারচুপির অভিযোগের ব্যাপারে কিছুই বলা যায় না।

কারচুপির অভিযোগ আনলেও ম্যানইউ ও চেলসির সাবেক এই তারকা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

উইয়াহ প্রথম দফার নির্বাচনে ২৮ শতাংশ ভোট পেয়েছিলেন। ওই নির্বাচনে বিশ্ব ব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ‘লৌহ মানবী’ পেয়েছিলেন ২০ শতাংশ ভোট। তিনি দেশটির নারীদের কাছে খুবই জনপ্রিয়।