জর্ডানে বোমা বিস্ফোরণে নিহত ৬৭, আহত তিন শতাধিক
জর্ডানের রাজধানী আম্মানের তিন হোটেলে বুধবার সন্ধ্যায় পৃথক বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৬৭ জন নিহত ও তিন শতাধিক আহত হয়েছে।
আম্মানের গ্রান্ড হায়াত, রেডিসন ও ডেস ইন হোটেলে পর পর তিনটি বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ধারনা করছে, আত্মঘাতী হামলাকারীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে।
বিস্ফোরণের লক্ষ্যস্থল ওই হোটেলগুলো পশ্চিমা বিশ্বের পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। তবে পুলিশ জানায়, হামলায় হতাহতদের অধিকাংশই জর্ডানের নাগরিক।
জর্ডান মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র হওয়ায় দেশটি ইতোমধ্যেই উগ্রপন্থী ইসলামী জঙ্গিদের হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছিল।
আম্মানে পুলিশের মুখপাত্র বশির আল-দাজি সাংবাদিকদের বলেন, তিনটি সন্ত্রাসবাদী সংগঠন হোটেলগুলোতে হামলা চালিয়েছে।
উপ-প্রধানমন্ত্রী মারওয়ান মুয়াশের বলেন, প্রথম দু’টি আত্মঘাতী হামলায় ব্যাপক বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং তৃতীয়টি ছিল একটি আত্মঘাতী গাড়িবোমা হামলা।
হামলায় হতাহতদের নাম, পরিচয় ও জাতীয়তা পরিষ্কারভাবে জানা না গেলেও, তাদের অধিকাংশই জর্ডানের নাগরিক বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
রেডিসন হোটেলের বিয়ের অনুষ্ঠানের ২৫০ অতিথিদের অনেকেই হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।
হামলার দায়িত্ব স্বীকার করে এখন পর্যন্ত কোন ব্যক্তি বা সংগঠন কোনও বিবৃতি দেয়নি। তবে জর্ডানের একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, যে পদ্ধতিতে হামলা চালানো হয়েছে, তা আল-কায়েদা অথবা আল-কায়েদার দ্বারা অনুপ্রাণিত কোন গোষ্ঠী হামলার সাথে জড়িত এটা বেশ স্পষ্ট।
পুলিশ রাজধানীর বিভিন্ন হোটেল ও দূতাবাসে প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রী আদনান বাদরা সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিস-আদালত বৃহস্পতিবার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
কিং আব্দুল্লাহ্ (দ্বিতীয়) বলেছেন, ভয়ঙ্কর হামলাগুলো নিঃসন্দেহে সন্ত্রাসী হামলা। তিনি হামলাকারীদের বিচারের প্রতিজ্ঞা করেন।
হোয়াইট হাউজের এক মুখপাত্র জর্ডানে বোমা হামলার নিন্দা জানিয়েছেন।
অন্যদিকে, জর্ডানে বোমা হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্য সফররত জাতিসংঘ মহাসচিব কফি আনান তার বৃহস্পতিবারের নির্ধারিত জর্ডান সফর স্থগিত করেছেন।
