২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের দাঙ্গাক্রান্ত শহরগুলোতে কারফিউ জারি

ফ্রান্সে দাঙ্গা শুরু হওয়ার দুই সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর দেশটির ত্রিশটির বেশি শহরে বুধবার কারফিউ জারি করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 12:46 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

দাঙ্গা থামাতে ফ্রান্সের পার্লামেন্ট পুলিশকে কারফিউ জারি করার ক্ষমতার অনুমোদন দেয়ার পর দাঙ্গাক্রান্ত বিভিন্ন শহরে কারফিউ জারি করা হয়।

কারফিউ জারি সত্ত্বেও দক্ষিণাঞ্চলীয় শহর তুলোসে যুবকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া ফ্রান্স জুড়ে আরও সহিংস ঘটনার খবর পাওয়া গেছে।

তবে পুলিশ জানায়, কারফিউ জারির কারণে সহিংস ঘটনার সংখ্যা কমতে শুরু করেছে। তাদের মতে, প্যারিসে যে স্থান থেকে দাঙ্গার সূত্রপাত হয়েছিল, সে জায়গা এখন অনেক স্থিতিশীল।

যে সকল বিদেশী নাগরিক দাঙ্গায় অংশগ্রহণ করে, স্বরাষ্ট্র মন্ত্রী নিকোলাস সারকোজি তাদেরকে অবিলম্বে ফ্রান্স থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন।

বুধবার পার্লামেন্টে দেয়া বক্তব্যে সারকোজি বলেন, দাঙ্গার সাথে ১২০জন বিদেশী নাগরিকের জড়িত থাকার অভিযোগ পাওয়া গিয়েছে। তাদেরকে শিগগির ফ্রান্স থেকে বহিষ্কার করা হবে।

দেশ জুড়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনার অংশ হিসেবে সরকার প্যারিসসহ ত্রিশটিরও বেশি শহরে জরুরি অবস্থা জারি করেছে।

পশ্চিমাঞ্চলীয় রুয়েন, লি হাভরি ও ইভরোক্স শহরেও কারফিউ জারি করা হয়েছে।

কারফিউ চলাকালীন সময়ে স্থানীয় সময় ২২০০টা থেকে ০৬০০টার মধ্যে ১৬ বছর বয়সের নিচে কোন প্রাপ্ত বয়স্ক লোকের সঙ্গ ব্যতিরেকে রাস্তায় বের হতে পারবে না। এছাড়া তারা কোন পেট্রোলও কিনতে পারবে না।

বুধবার কয়েকটি গাড়ি, দু’টি শিশু বিদ্যালয় ও বেশ কিছু গাড়ির যন্ত্রাংশ বিক্রির দোকান আগুনে পুড়িয়ে দেয়ার খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে, সারা দেশে চল্লিশটি গাড়ি পোড়ানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।