২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দেহভাজনদের খোঁজে আবারও অস্ট্রেলিয় পুলিশের তল্লাশী

অস্ট্রেলিয় পুলিশ সিডনির আরও একটি বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

মঙ্গলবার সিডনি ও মেলবোর্ন থেকে ১৭ জন সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর পুলিশ বুধবার এ অভিযান চালাল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ সিডনির রিভ্সবাই জেলার একটি বাড়িতে তল্লাশী চালিয়েছে। পুলিশ ওই বাড়ি ত্যাগ করার সময় দুই শিশুসহ এক মহিলাকে তাদের সঙ্গে নিয়ে গেছে।

মেলবোর্ন থেকে মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

মেলবোর্নের গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে হাজির করা হলেও সিডনি থেকে গ্রেপ্তারকৃতদের শুক্রবারের আগে আদালতে হাজির না করার সম্ভাবনাই বেশি।

সিডনি থেকে গ্রেপ্তারকৃত অষ্টম ব্যক্তিটি এখন পুলিশের নজরদারিতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সিডনি পুলিশ বলেছে, অভিযানকালে তারা আগ্নেয়াস্ত্র, অচিহ্নিত রাসায়ণিক দ্রব্য ও কম্পিউটার উদ্ধার করেছে।

মেলবোর্ন থেকে গ্রেপ্তারকৃতদের কয়েকজনের আইনজীবী রব স্টারি বলেছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে কারো বিরুদ্ধেই হামলা পরিকল্পনার অভিযোগ আনা হয়নি।

নতুন সন্ত্রাস-বিরোধী আইনের আওতায় পুলিশের অভিযানে ৫০০ পুলিশ কর্মকর্তা অংশ নেন। তারা মেলবোর্ন ও সিডনির ২৩টি বাড়িতে তল্লাশী চালায়।