২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাঙ্গা রোধে ফ্রান্সে কারফিউ

প্যারিসের দাঙ্গা প্রতিরোধে মঙ্গলবার ফ্রান্স সরকারের পাস করা জরুরি আইনের আওতায় অ্যামিয়েন্স শহরে প্রথমবারের মত রাতভর কারফিউ আরোপ করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 09:37 AM

Updated : 26 Apr 2022, 06:16 PM

মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া কারফিউ আরোপের ক্ষমতার কারণে পুলিশ অতিরিক্ত ক্ষমতা লাভ করেছে। কারফিউ আইনের আওতায় ১৬ বছরের কম বয়সীরা কারো সঙ্গ ব্যতিরেকে স্থানীয় সময় ২২০০টার (গ্রীনিচ মিন টাইম ২১০০টা) পর বাইরে বের হতে পারবে না।

প্যারিসের আশেপাশের অন্যান্য শহরগুলোতেও কারফিউ জারি করা হয়েছে।

জরুরি ডিক্রি আইনে পরিণত হওয়ার কয়েক ঘন্টা আগেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তুলুসে শহরে সহিংসতার খবর পাওয়া গেছে।

ফ্রান্স জুড়ে টানা ১৩ রাত যুবকরা পুলিশকে লক্ষ্য করে বোমা ও পাথর নিক্ষেপ এবং গাড়ি ভাংচুর ও বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছে। অভিবাসী দু’যুবকের মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

মঙ্গলবার মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে পুলিশকে জরুরি ক্ষমতা দিয়ে আইন পাস করা হয়।

জারিকৃত জরুরি অবস্থার আওতায় একটি নির্দিষ্ট এলাকায় জরুরি অবস্থা জারি করা যাবে। এছাড়া এর মাধ্যমে লোকজন ও পরিবহনের যাতায়াত নিয়ন্ত্রণ করা যাবে। এর আওতায় বাড়িতে বাড়িতে তল্লাশী ও জনসভা নিষিদ্ধের বিষয়টিও রাখা হয়েছে।

জরুরি অবস্থা ঘোষণা করতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী নিকোলাস সারকোজি বলেন, যারা আমাদের সমাজের সহিংস ঘটনার পিছনে দায়ী তাদের গ্রেপ্তার করা হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।

উত্তরাঞ্চলীয় সোমি এলাকার অ্যামিয়েন্স শহরে প্রথম কারফিউ জারি করা হয়।

জরুরি অবস্থার মধ্যে ১৬ বছরের নিচের বয়সীরা স্থানীয় সময় ২২০০ থেকে ০৬০০টার মধ্যে কোন প্রাপ্ত বয়স্কের সঙ্গ ব্যতিরেকে রাস্তায় বের হতে পারবে না। এ সময় পেট্রোল ক্রয় বিক্রয়ও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

স্যাভিগনি-সার-ওর্জ, লি র‌্যাইনসি এবং ঐতিহাসিক শহর অরলিন্স শহরেও কারফিউ জারি করা হয়েছে।

ফ্রান্সের আফ্রিকান ও আরব অধ্যুষিত অঞ্চলে বেকারত্বের প্রতিবাদে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় লোকজন প্রশাসনের বিরুদ্ধে বর্ণবাদ ও বৈষম্যের অভিযোগ করেছেন।

প্যারিসের শহরতলীর কিসি-সস-বঁসের একটি সাব স্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোর মারা যাওয়ার পর থেকেই দাঙ্গা শুরু হয়ে যায়।

পুলিশের তাড়া খেয়ে তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয় লোকজন যে অভিযোগ করেছে, পুলিশ সে অভিযোগ নাকচ করে দিয়েছে।

বিক্ষোভকারীরা গাড়ি ও বাসে আগুন ধরিয়ে দিয়েছে। দুই সপ্তাহেরও বেশি সময়ের দাঙ্গায় অনেক স্কুল-কলেজ ভাংচুর করা হয়েছে।

দাঙ্গায় এখন পর্যন্ত একজন নিহত ও কমপক্ষে একশ’ পুলিশ আহত হয়েছে।