সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দিয়েছে অস্ট্রেলিয় পুলিশ
অস্ট্রেলিয় পুলিশ বলেছে, তারা একটি সন্ত্রাসী হামলার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি পণ্ড করে দিয়েছে।
সিডনি ও মেলবোর্ন থেকে মঙ্গলবার সকালে ১৫ জন সন্দেহভাজন সন্ত্রাসী গ্রেপ্তারের পর পুলিশ এ তথ্য জানায়।
নিউ সাউথ ওয়েলসের পুলিশ প্রধান কেন মরোনি বলেন, একটি বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
পুলিশ জানায়, সিডনিতে সন্ত্রাস বিরোধী অভিযানকালে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। অভিযানকালে রাসায়ণিক দ্রব্য, আগ্নেয়াস্ত্র এবং কম্পিউটার উদ্ধার করা হয়েছে।
অস্ট্রেলিয় সরকার পুলিশকে বড় ধরনের সন্ত্রাসবিরোধী ক্ষমতা দেওয়ার দু’দিন পর পুলিশ এ অভিযান চালাল।
দেশটির সর্ববৃহৎ সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ সিডনি ও মেলবোর্নের ১৫টি বাড়িতে মঙ্গলবার সকালে অভিযান চালায়।
সরকারি কর্মকর্তারা জানান, ১৬ মাসের তদন্ত শেষে এ অভিযান চালানো হয়েছে।
পুলিশ প্রধান মরোনি অস্ট্রেলিয়ার এবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বড় ধরনের সন্ত্রাসী হামলা প্রতিহত করতে পেরে আমি সন্তুষ্ট।
মেলবোর্নে অভিযানকালে গ্রেপ্তারকৃতদের মধ্যে আলজেরিয় বংশোদ্ভূত অস্ট্রেলিয় নাগরিক ও মুসলিম ধর্মগুরু আবু বকরও রয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে নয়জনকে মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয়।
কৌসুলি রিচার্ড ম্যাইডমেন্ট আদালতে বলেন, অস্ট্রেলিয়ার মাটিতে নিরপরাধ মানুষকে হত্যা করতে গ্রেপ্তারকৃত নয়জন একটি সন্ত্রাসী গোষ্ঠী গঠন করেছিল।
আবু বকরকে প্রধান নায়ক হিসেবে উল্লেখ করে কৌসুলি ম্যাইডমেন্ট বলেন, লন্ডনের বোমা হামলায় ব্যবহৃত হয়েছে, এমন বোমা তৈরি করতে সিডনি গ্রুপের সদস্যরা রাসায়ণিক দ্রব্য যোগাড় করছিল।
ভিক্টোরিয়ার রাজ্য পুলিশ প্রধান ক্রিস্টাইন নিক্সন বলেছেন, আগামী বছরের কমনওয়েল্থ গেম্স এই সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তু ছিল না।
গ্রেপ্তারকৃতদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।
