২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলকার অভিযোগ খতিয়ে দেখছে ভারত

ইরাকে জাতিসংঘের তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে কেলেংকারি খতিয়ে দেখতে গঠিত ভোলকার তদন্ত কমিটির প্রকাশিত প্রতিবেদনে ভারত সরকারকে জড়িয়ে যে অভিযোগ উত্থাপিত হয়েছে, ক্ষমতাসীন ভারত সরকারকে তার সত্যতা খতিয়ে দেখতে হবে বলে ভারতের শীর্ষ রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

শীর্ষ রাজনৈতিক বিশ্লেষক তারা শঙ্কর সহায় বলেন, পররাষ্ট্র মন্ত্রী নটবর সিং ও কংগ্রেস পার্টি ঘুষ কেলেংকারির সাথে জড়িত বলে ভোলকার কমিশনের তদন্ত প্রতিবেদনে যে অভিযোগ উত্থাপিত হয়েছে, ক্ষমতাসীন ইউনাইটেড প্রগ্রেসিভ জোট সরকারকে তার সত্যাসত্য নির্ণয় করতে হবে।

ভোলকার কমিশনের প্রকাশিত তদন্ত প্রতিবেদনের অভিযোগের প্রেক্ষিতে নটবর সিং সোমবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। বর্তমানে তিনি দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে নিযুক্ত রয়েছেন।

ভারতের সাবেক প্রধান বিচারপতি আর এস পাঠককে প্রধান করে ভারত সরকার সোমবার তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। এছাড়া জাতিসংঘের সাথে একযোগে কাজ করার জন্য সাবেক কূটনীতিক বীরেন্দ্র দয়ালকে বিশেষ প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে।

বিশেষ প্রতিনিধিকে তদন্ত সম্পন্ন করতে সম্পূর্ণ ক্ষমতা ও কর্তৃত্ব দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারু জানিয়েছেন।

ভোলকার প্রতিবেদনের আনুষ্ঠানিক জবাবের ব্যাপারে সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রী সিং, কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী ও পার্টির অন্যান্য শীর্ষ নেতারা ইতোমধ্যে বেশ কয়েকটি বৈঠকে বসেছেন।