চীনে ৬০ লাখ মুরগী জবাই
চীনের লিওনিং প্রদেশে বার্ড ফ্লু আক্রান্ত ষাট লাখ মুরগী জবাই করা হয়েছে। রোববার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম এ খবর জানায়।
উত্তর-পূর্বাঞ্চলীয় ওই প্রদেশের কৃষকরা রোববার জবাইকাজে সহায়তা করে এবং এজন্য তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
সাম্প্রতিক সময়ে চারবারের বার্ড ফ্লু মহামারিতে চীনে কোনও মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া না গেলেও এক কিশোরীর মৃত্যুর সঙ্গে বার্ড ফ্লু ভাইরাসের সংযোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইতোমধ্যে সোমবার থেকে জেনেভায় বার্ড ফ্লু নিয়ে একটি বৃহৎ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব ব্যাংক, জাতিসংঘের খাদ্য, কৃষি বিষয়ক সংস্থা, পশু স্বাস্থ্যের জন্য বিশ্ব সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাভুক্ত সদস্য দেশগুলোর শীর্ষ নীতি নির্ধারকরা উপস্থিত থাকবেন।
বার্ড ফ্লু ভাইরাসের বিস্তার রোধে একটি বৈশ্বিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
২০০৩ সালের শেষ থেকে এই ভাইরাসে ইতোমধ্যে এশিয়ায় ৬০ জন নিহত হয়েছে এবং কমপক্ষে ১২৩ জন সংক্রমিত হয়েছে।
তবে মানব দেহ থেকে মানব দেহে ভাইরাসটি সংক্রমণের কোনও প্রমাণ পাওয়া না গেলেও আশঙ্কা করা হচ্ছে এ ভাইরাসের রূপান্তর ঘটতে পারে।
