মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত কমপক্ষে ২১
মার্কিন অঙ্গরাজ্য ইন্ডিয়ানায় টর্নেডোর আঘাতে কমপক্ষে ২১ জন নিহত ও দুশ’ লোক আহত হয়েছে। মার্কিন কর্মকর্তারা এ খবর জানান।
নিহতদের মধ্যে বেশিরভাগই ইভানসিভেলি এলাকায়। ১৫৮ মাইল গতিবেগের এ ঝড়ে এখানকার মোবাইল হোমগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ঘূর্ণিঝড়টি ইন্ডিয়ানায় আঘাত হানার আগে তা কেন্টাকির উত্তরাঞ্চল ছুঁয়ে আসে।
এটি আঘাত হানার মাত্র ২০ মিনিট আগে আবহাওয়া সতর্কতা জারি করা হয়। স্থানীয় আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা জানান, সাইরেন বাজানো সত্ত্বেও গভীর রাত হওয়ায় কেউ তা শুনতে পায়নি।
বিভিন্ন বার্তা সংস্থা জানায়, ঘূর্ণিঝড়ে প্রায় দুশ’ লোক আহত হয়েছে। ইভানসিভেলি এলাকায় প্রায় ১৭ জন নিহত হয়েছে বলে ভেন্ডারবাগ কাউন্ট্রি শেরিফের দপ্তর জানায়।
এ এলাকায় অনেক মানুষ নিখোঁজ রয়েছে। বাবা-মায়েরা তাদের হারিয়ে যাওয়া শিশুদের খুঁজে ফিরছে।
ধারণা করা হচ্ছে নিখোঁজ বেশিরভাগ মানুষ ধ্বংসস্তুপের মধ্যে চাপা পড়েছে। ন্যাশনাল গার্ড ইউনিটকে উদ্ধার তৎপরতা চালাতে বলা হয়েছে।
তবে ইন্ডিয়ানা প্রাদেশিক কর্মকর্তারা বলছেন পার্শ্ববর্তী ওয়ারিক কাউন্টিতে চার জনের মৃত্যু হয়েছে।
এছাড়া হেন্ডারসন কাউন্টি, কেন্টাকি, ইলিসপার্কেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকায় বেশ কিছু ঘোড়ার মৃত্যু হয়েছে।
ঝড় পূর্বাভাস কেন্দ্র জানায়, নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে এ ধরনের ঝড় বিরল।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর ঘূর্ণিঝড়ে গড়ে ৭০ জন লোক প্রাণ হারায়।
১৯২৫ সালে মৌসরি, ইলনয়েস ও ইন্ডিয়ানায় ঘূর্ণিঝড়ে ৬৮৯ জন প্রাণ হারায়। এ সংখ্যাটিই মার্কিন ইতিহাসে ঘূর্ণিঝড়ে সবচে বেশি লোক প্রাণ হারানোর রেকর্ড।
