অচলবস্থার মধ্য দিয়ে শেষ হয়েছে আমেরিকা সম্মেলন
আর্জেন্টিনায় আমেরিকান সম্মেলনে ৩৪ দেশের নেতা এ অঞ্চলে মুক্ত বাণিজ্য সংক্রান্ত চুক্তির ব্যাপারে একমত হতে পারেনি। আর সে কারণেই এ সম্মেলন শেষ পর্যন্ত অচলাবস্থার মধ্য দিয়েই শেষ হল।
তবে মুক্ত বাণিজ্য নিয়ে আলাপ আলোচনা চলবে। মুক্ত বাণিজ্য সংক্রান্ত মার্কিন প্রস্তাবের সমর্থকরা এ ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছানোরও চেষ্টা চালাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য প্রস্তাবের বিরোধিতা করছে ল্যাটিন আমেরিকার বেশ কয়েকটি দেশ। যুক্তি হল, এ পরিকল্পনা তাদের অর্থনীতিকে ধ্বংস করবে।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ বলেন, তারা এর বিরুদ্ধে পাথরের মত দাঁড়াবেন।
২৯টি দেশ জানায়, তারা ২০০৬ সালে ফ্রি ট্রেড এরিয়া অব আমেরিকা (এফটিএএ) নিয়ে আলোচনা শুরু করতে চায়।
তবে এ ব্যাপারে একটি ফলাফলের আশায় ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনিজুয়েলা, উরুগুয়ে, প্যারাগুয়ে আগামী মাসে হংকংয়ের বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠকের দিকে তাকিয়ে আছে।
সম্মেলন শুরু আগে থেকেই মার ডেল প্লাটার সম্মেলন স্থল-এর বাইরে বুশ বিরোধী স্লোগান দেয় হাজার হাজার বিক্ষোভকারী।
সম্মেলন শুরু হওয়ার আগে সেখানে বিক্ষোভ দাঙ্গায় রূপ নেয়। পুলিশ ৬৪ জন বিক্ষোভকারীকে আটক করে বলে জানা গেছে। এর আগে বিক্ষোভ মিছিল থেকে বেশ কয়েকটি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়।
