দিল্লি বোমা হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মঙ্গলবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে বোমা হামলার নিন্দা জানিয়েছে। পাশাপাশি হামলার সাথে জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতা কামনা করেছে।
নয়া দিল্লির বোমা হামলার ষড়যন্ত্রকারী, আয়োজক, অর্থের যোগানদাতা এবং পৃষ্ঠপোষকদের বিচারের সম্মুখীন করতে সক্রিয়ভাবে ভারতকে সহযোগিতা করতে নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সকল সদস্য দেশের প্রতি আহ্বান জানিয়েছে।
হামলার জন্য পাকিস্তান-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বাকে দায়ী করা হচ্ছে। হামলায় ৬০ জনেরও বেশি লোক নিহত এবং আরও দুই শতাধিক লোক আহত হয়েছে।
নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, ষড়যন্ত্রকারী, আয়োজক, অর্থের যোগানদাতা এবং পৃষ্ঠপোষকদের বিচারের সম্মুখীন করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গুরুত্ব আরোপ করছে। সেই সাথে আন্তর্জাতিক আইন ও প্রস্তাবনার আওতায় ভারতকে সহযোগিতা করার জন্য সকল সদস্য দেশের প্রতি আহ্বান জানানো যাচ্ছে।
নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট ও রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রী মিহাই-রাজভান উনগুরিনু উপস্থাপিত বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদের সকল পর্যায়ই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
সন্ত্রাসী তৎপরতাকে অপরাধমূলক ও অসমর্থনযোগ্য আখ্যায়িত করে বিবৃতিতে সকল হুমকিকে মোকাবেলা করার আহ্বান জানানো হয়।
