জাতিসংঘ তদন্ত বাধাগ্রস্ত করার অভিযোগ অস্বীকার করেছে সিরিয়া
লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যাকাণ্ড তদন্ত করার লক্ষ্যে গঠিত জাতিসংঘের তদন্ত কমিটিকে সিরিয়া পর্যাপ্ত সহযোগিতা করেনি বলে যে অভিযোগ উঠেছে, দামেস্ক আবারও সে অভিযোগ নাকচ করে দিয়েছে।
নিঃশর্তভাবে সিরিয়া জাতিসংঘ তদন্ত কমিটিকে পর্যাপ্ত সহযোগিতা না করলে দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাসের পর সিরিয়া আবারও তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করল।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রী ফারুক আল-শারা বলেন, হত্যাকাণ্ডের সাথে সিরিয়ার জড়িত থাকার বিষয়টি অনুমান নির্ভর মনে করেও প্রস্তাবটি পাস করা হয়েছে।
জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে সন্দেহভাজন হিসেবে সিরিয়া ও লেবানন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম উল্লেখ করা হয়েছে।
কোন নির্ধারিত প্রক্রিয়া ছাড়া সিরিয়াকে হারিরির হত্যাকাণ্ডের সাথে জড়িত করায় ডেটলেভ মেহলিসের নেতৃত্বাধীন জাতিসংঘের তদন্ত কমিটির সমালোচনা করেছেন পররাষ্ট্র মন্ত্রী ফারুক।
তিনি বলেন, সিরিয়ার সরকারি কর্মকর্তাদের কাছ থেকে ভুয়া ও অসত্য তথ্য তদন্ত কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে-এমন কোন প্রমাণ নেই।
তিনি বলেন, সিরিয়া তদন্ত কমিটির সাথে পুরোপুরি সহযোগিতা করেছে এটা পরিষ্কার। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন সমর্থিত নিরাপত্তা পরিষদের প্রস্তাবটিতে সব শর্ত পূরণ করতে সিরিয়া ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছে।
গত সপ্তাহে তদন্ত কমিটির প্রধান ডেটলেভ মেহলিস জানান, সিরিয়া অনেক বিভ্রান্তিকর তথ্য দিয়েছে এবং কমিশনের সাথে পুরোপুরি সহযোগিতা করেনি।
