ভারতের রেল দুর্ঘটনায় উদ্ধার কাজ বন্ধ ঘোষণা
ভারতের অন্ধ্র প্রদেশে দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি থেকে উদ্ধার তৎপরতা বন্ধ করে দিয়েছে ভারতীয় সেনা সদস্যরা।
ট্রেনটি লাইনচ্যুত হয়ে বন্যার পানিতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ পর্যন্ত ১১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও ওই অঞ্চলে প্রবল বর্ষণে শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এখন আর উদ্ধার তৎপরতা নয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ট্রেন লাইন মেরামতের কাজ শুরু করা হবে।
রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান জে পি বাত্রা বলেছেন, লাইনচ্যুত ১৪টি বগি থেকে মৃত এবং বেঁচে যাওয়া সবাইকে উদ্ধার করা হয়েছে।
পানিতে ভেসে যাওয়া লাশ খুঁজছে সেনাবাহিনী। রোববার উদ্ধারকর্মীরা পাশ্ববর্তী ঝোপ থেকে আটটি মৃতদেহ উদ্ধার করেছে।
হায়দ্রাবাদের ৩০ কিলোমিটার দক্ষিণে নালগোন্ডা জেলার ভেলিগোন্ডা শহরে ডেল্টা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে পাশ্ববর্তী নদীতে পড়ে যায়। কর্তৃপক্ষ বলেছে, ট্রেনে এক হাজারেরও বেশি যাত্রী ছিল। তারা দিওয়ালী উদযাপন করতে যাচ্ছিল।
