বোমা হামলার ঘটনায় নয়াদিল্লিতে উত্তেজনাকর পরিস্থিতি এখনও কাটেনি
শনিবারের ভয়াবহ বোমা হামলার ঘটনার দু’দিন পেরিয়ে গেলেও রাজধানী নয়াদিল্লিতে উত্তেজনা এখনও কাটেনি।
রাজধানীর সরোজিনী নগর, পাহাড়গঞ্জ এবং গোবিন্দপুরে বোমা হামলায় ৬৫ জন নিহত ও দ’িশরও বেশি লোক আহত হয়।
হিন্দু ধর্মাবলম্বীদের দিওয়ালী ও মুসলমানদের জন্য ঈদ উৎসবের জন্য রাজধানী প্রস্তুত হলেও বোমা হামলার ঘটনায় নগরজীবন এখনও স্বাভাবিক হতে পারেনি।
সতর্ক থাকতে ও উৎসবের আগে ভীড় এড়িয়ে চলতে দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দিক্ষীত রাজধানীবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
সরকারি কর্মকর্তারা বলেছেন, হামলার ঘটনা তদন্তে অগ্রগতি হয়েছে। তিনটি হামলার পিছনে একটি সংগঠনই জড়িত বলে তারা অনুমান করছেন।
ইনকিলাবি নামে স্বল্পপরিচিত একটি সংগঠন হামলার দায়িত্ব স্বীকার করেছে। পুলিশ তাদের স্বীকারোক্তির সত্যতা খতিয়ে দেখছে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে বেশ কিছু লোককে জিজ্ঞাসাবাদ করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
মাত্র কয়েক মিনিটের ব্যবধানে রাজধানী নতুন দিল্লিতে শনিবার সন্ধ্যার সময় তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজধানীর ব্যস্ততম মার্কেটে প্রথম দু’টি বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি বাসে তৃতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে।
স্বরাষ্ট্র মন্ত্রী শিবরাজ পাতিল বলেছেন, প্রচুর তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে বিস্তারিত কোন কিছু জানাতে তিনি অস্বীকৃতি জানান।
প্রধানমন্ত্রী মনমোহন সিং বোমা হামলায় আহতদের দেখতে হাসপাতালগুলো পরিদর্শণ করেছেন। তিনি তার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের সাথে জরুরি বৈঠক করেছেন।
নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, বোমা হামলার সাথে লস্কর-ই-তৈয়বার সংশ্লিষ্টতার বিষয়টি তারা উড়িয়ে দিচ্ছেন না।
