২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইলি সেনাদের গুলিতে ২ ইসলামিক জিহাদ সদস্য নিহত

পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি সেনাবাহিনী ও ফিলিস্তিনি জঙ্গি সংগঠন ইসলামিক জিহাদের মধ্যে বন্দুকযুদ্ধে দু’জন ইসলামিক জিহাদ সদস্য নিহত হয়েছে। ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী সূত্র এ খবর জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 09:01 AM

Updated : 26 Apr 2022, 06:15 PM

গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনী হামলা বন্ধ করলে ইসলামিক জিহাদও বন্ধ করবে, এ ঘোষণার কিছুক্ষণ পরই বন্দুকযুদ্ধ শুরু হয়।

পশ্চিম তীরের জেনিন শহরের কাবাতিয়া নামক স্থানে উভয়পক্ষের মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়।

এক সপ্তাহে পশ্চিম তীরে বিভিন্ন সহিংস ঘটনায় ১২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, ইসলামিক জিহাদের কাবাতিয়ায় অবস্থিত একটি গোপন আস্তানা ইসরাইলি সেনাবাহিনী সূর্যাস্তের আগে ঘিরে ফেলে।

ইসরাইল ঘটনার ব্যাপারে কোন মন্তব্য করেনি।

ইসলামিক জিহাদের নেতা খালেদ আল-বাতশ বলেন, ইসরাইল যদি, পশ্চিম তীরে আগ্রাসন বন্ধ রাখে, তাহলে তাদের সংগঠনও অস্ত্রবিরতি মেনে চলবে।

তবে সংগঠনটি আত্মঘাতী হামলা বন্ধ রাখবে কিনা সে ব্যাপারে বাতশ কিছু বলেননি।

গত সপ্তাহে ইসলামিক জিহাদের এক শীর্ষ নেতা ইসরাইলি হামলায় নিহত হওয়ায় নতুন করে সহিংসতা শুরু হয়।

ইসলামিক জিহাদ বলেছে, তাদের নেতা হত্যার প্রতিশোধ হিসেবে বুধবার হাদিরায় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী শাওল মোফাজ বলেছেন, ইসলামিক জিহাদের আত্মঘাতী বোমা হামলার সক্ষমতা ধ্বংস করতেই ইসরাইলি সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে।