বোমা বিস্ফোরণে ভারতে সর্বোচ্চ রাষ্ট্রীয় সতর্কতা
ভারতের রাজধানী দিল্লীতে তিনটি শক্তিশালী বোমা বিস্ফোরণের পর সর্বোচ্চ রাষ্ট্রীয় সতর্কতা জারি করা হয়েছে। বিস্ফোরণে ৬৫ জন নিহত এবং বহু লোক আহত হয়।
ভারত সরকার দিল্লীর লোকজনকে ঘর থেকে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে। প্রধান প্রধান স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
হাসপাতালগুলোতে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ প্রিয়জনদের খুঁজতে হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছেন নিহত ও আহতদের আত্মীয় স্বজন।
হামলার কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও কারা এ হামলা চালিয়েছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে কাশ্মিরের জঙ্গিরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
এ ব্যাপারে ১০ জনকে আটক করে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।
হিন্দু ধর্মাবলম্বীদের দিপাবলী ও মুসলমান সম্প্রদায়ের ঈদ উৎসবকে সামনে রেখে মানুষ যখন কেনাকাটায় ব্যস্ত ঠিক সে মুহূর্তে দুটি জনাকীর্ন মার্কেট ও একটি বাসে বিস্ফোরণগুলো ঘটল।
ঘটনার পরপরই দিল্লীর গুরুত্বপূর্ণ মার্কেটগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আহত একশ’ জনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক।
নিরাপত্তা কর্মকর্তারা বলেন, তারা ঘটনার সঙ্গে কাশ্মিরের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার জড়িত থাকার ব্যাপারটি উড়িয়ে দিচ্ছেন না। এখন পর্যন্ত কেউ এ হমলার দায়িত্ব স্বীকার করেনি। তদন্ত কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
সরোজীনি নগর হাসপাতালে সবচে’ ভয়াবহ হামলাটি ঘটে। এ বিস্ফোরণে ৪০ জন নিহত হয়।
বিস্ফোরণের সাথে সাথেই অগ্নি নির্বাপক দল প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে পস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী একজন দোকানদার বলেন, বিস্ফোরণের সময় মার্কেটটিতে ব্যাপক ভিড় ছিল। ভিড় ঠেলে চলাচল করায় ছিল দায়। আমি আমার দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎই প্রচণ্ড শব্দে বোমাটি বিস্ফোরিত হয়।
আরেকটি বোমা বিস্ফোরিত হয় পাহাড়গঞ্জ এলাকায়। নতুন দিল্লী রেলস্টেশনের বাইরে জনাকীর্ণ স্থানে এ বিস্ফোরণ ঘটে।
তৃতীয় বিস্ফোরণটি ঘটে গোবিন্দপুরি এলাকায় একটি বাসের মধ্যে।
প্রধানমন্ত্রী মনমোহন সিং উত্তরাঞ্চল সফর সংক্ষিপ্ত করে কলকাতা থেকে দিল্লী ফিরে এসেছেন। তিনি এ হামলাকে জঘন্য বলে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী মনমোহন সিং বোমা হামলাকারীদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করে বলেছেন, জঙ্গি সহিংসতা বরদাস্ত করা হবে না।
টেলিভিশনে সংক্ষিপ্ত এক বক্তব্যে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অঙ্গীকার করেন।
তিনি বলেন, সন্ত্রাসীরা শান্তিপ্রিয় জনগণের মনে ভয় ও সংশয় বিস্তার করতে চায়। যখনই সকল সম্প্রদায়ের মানুষ উৎসবের আমেজে রয়েছে ঠিক সে মুহূর্তে এ হামলা চালানো হল।
তিনি বলেন, আমরা সন্ত্রাসীদের পরাজিত করব। সেই সাথে সাথে তাদের কোনও কর্মকাণ্ডকে বরদাশত করা হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল একটি উচ্চ পর্যায়ের জরুরী বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
