২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বিস্ফোরণের পর দিল্লীতে সর্বোচ্চ সতর্কতা

ভারতের রাজধানী দিল্লীতে তিনটি শক্তিশালী বোমা বিস্ফোরণের পর সর্বোচ্চ সতর্কতামূলক ব্যাবস্থা নেয়া হয়েছে। বিস্ফোরণে ৫৫ জন নিহত এবং বহু লোক আহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 09:08 AM

Updated : 26 Apr 2022, 06:15 PM

ভারত সরকার লোকজনকে ঘর থেকে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে। প্রধান প্রধান স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে হামলার কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও কারা এ হামলা চালিয়েছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে কাশ্মিরের জঙ্গিরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এ ব্যাপারে ১০ জনকে আটক করে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।

হিন্দু ধর্মাবলম্বীদের দিপাবলী ও মুসলমান সম্প্রদায়ের ঈদ উৎসবকে সামনে রেখে মানুষ যখন কেনাকাটায় ব্যস্ত ঠিক সে মুহূর্তে দুটি জনাকীর্ন মার্কেট ও একটি বাসে বিস্ফোরণগুলো ঘটল।

ঘটনার পরপরই দিল্লীর গুরুত্বপূর্ণ মার্কেটগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আহত একশ’ জনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক।

প্রধানমন্ত্রী মনমোহন সিং বোমা হামলাকারীদের ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করে বলেছেন, জঙ্গি সহিংসতা বরদাস্ত করা হবে না।

টেলিভিশনে সংক্ষিপ্ত এক বক্তব্যে তিনি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অঙ্গীকার করেন।

নিরাপত্তা কর্মকর্তারা বলেন, তারা ঘটনার সঙ্গে কাশ্মিরের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার জড়িত থাকার ব্যাপারটি উড়িয়ে দিচ্ছেন না। এখন পর্যন্ত কেউ এ হমলার দায়িত্ব স্বীকার করেনি। তদন্ত কাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

দিল্লীর পাশ্ববর্তী জনাকীর্ণ পাহাড়গঞ্জ বাজারের রেল স্টেশনে প্রথম বিস্ফোরণটি হয়। দ্বিতীয় বিস্ফোরণটি হয় দক্ষিণ দিল্লীর সরোজীনি নগর মার্কেটে। ওই স্থানে বেশি লোক হতাহত হয় বলে ধারণা করা হচ্ছে। তৃতীয়টি বিস্ফোরিত হয় গোবিন্দপুরিতে একটি বাসে। সেখানে তিনজন নিহত হয়।