ভূমিকম্প বিধ্বস্ত কাশ্মিরের ত্রাণ কর্মসূচি নিয়ে পাক-ভারত বৈঠকে বসছে
কাশ্মির অঞ্চলের ত্রাণ কর্মীদের নির্বিঘ্ন চলাচলের ব্যাপারে আলোচনা করতে ভারত ও পাকিস্তানের কর্মকর্তারা বৈঠকে বসতে যাচ্ছেন।
ভয়াবহ ভূমিকম্পের পর কাশ্মিরকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখা অতি দ্রুত খুলে দেওয়ার ঘোষণা সত্ত্বেও প্রায় তিন সপ্তাহ কেটে গেলেও এ ব্যাপারে দেশ দু’টি কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেনি।
ইসলামাবাদে অনুষ্ঠেয় ওই বৈঠকে সীমান্তবর্তী গ্রামগুলোতে যেন ত্রাণ কর্মীরা পৌঁছাতে পারে সেজন্য প্রবেশ পথ তৈরি করার ব্যাপারেও আলোচনা হবে।
এদিকে দাতা দেশগুলো জরুরী ভিত্তিতে ২৫০ লাখ মার্কিন ডলার সাহায্য না দিলে জাতিসংঘ হেলিকপ্টার সহায়তাসহ অন্যান্য ত্রাণ কর্মসূচি হ্রাস করবে বলে সতর্ক করে দিয়েছে।
৮ অক্টোবরের ভূমিকম্পে পাকিস্তানের ৫৫ হাজার এবং ভারতের ১৪শ’রও বেশি মানুষ নিহত হয়।
সেইসঙ্গে আসন্ন শীতে পাবর্ত্য গ্রামগুলোতে আরও তিন লাখ মানুষ খাদ্য ও আশ্রয়হীন হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর পাঁচটি এবং ভারত তিনটি স্থান খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। ভারত ইতোমধ্যে সেখানে ত্রাণ মজুদ করা শুরু করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম ভারতের সঙ্গে চুক্তি করতে সমর্থ হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তবে দেশ দু’টি একে অপরের অভিপ্রায়ের ব্যাপারে সন্দিহান হওয়ায় দু’ পক্ষের নীতিনির্ধারকরা এ ব্যাপারে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না। ফলে উভয় দেশই ত্রাণ সরবরাহে বেশ দেরি করে ফেলেছে।
এদিকে জাতিসংঘের ত্রাণ কর্মকর্তারা বলেছেন, ত্রাণ কাজে নিয়োজিত জাতিসংঘের ছয়টি হেলিকপ্টার সচল রাখতে হলে আরও অর্থের প্রয়োজন।
বিশ্ব খাদ্য কর্মসূচির জরুরী সমন্বয়কারী মাইকেল জোনস বলেন, তাদের হাতে আর মাত্র এক সপ্তাহ পর্যন্ত হেলিকপ্টারগুলো চালানোর অর্থ রয়েছে। শুক্রবার ইসলামাবাদে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে গেলে বহু মানুষ না খেয়ে মারা যাবে।
