আন্তর্জাতিক অপরাধ আদালত চুক্তি অনুমোদন করেছে মেক্সিকো
পৃথিবীর একশতম দেশ হিসেবে মেক্সিকো আন্তর্জাতিক অপরাধ আদালত সংক্রান্ত ১৯৯৮ সালে স্বাক্ষরিত চুক্তি শুক্রবার অনুমোদন করেছে।
ঘৃণ্য ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার করতে পৃথিবীর প্রথম স্থায়ী এই ট্রাইব্যুনাল গঠিত হয়।
জাতিসংঘ এক ঘোষণায় জানায়, জাতিসংঘে নিযুক্ত মেক্সিকোর রাষ্ট্রদূত জুয়ান ম্যানুয়েল গোমেজ রোবল এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রীর আইন বিষয়ক উপদেষ্টা জোয়েল হার্নান্দেজ সরকার ও পার্লামেন্টের অনুমোদন সংক্রান্ত দলিলপত্র দাখিল করবেন।
গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধসহ বিভিন্ন ঘৃণ্য অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ আদালত স্থাপন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ইউরোপ জুড়ে নাৎসীদের হত্যাযজ্ঞের বিচার করতে গঠিত ন্যুরেমবার্গ ট্রায়ালকে সম্পূর্ণরূপে এগিয়ে নিয়ে যেতেই আন্তর্জাতিক অপরাধ আদালত গঠিত হয়।
আদালত সংক্রান্ত চুক্তিটি কার্যকর হওয়ার আগে ৬০টি দেশের অনুমোদনের প্রয়োজন ছিল। অবশ্য ২০০২ সালের এপ্রিলে সে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। মে মাসে নিরানব্বইতম সদস্য দেশ হিসেবে ডোমিনিকান রিপাবলিক আদালত সংক্রান্ত চুক্তিটি অনুমোদন করে।
নেদারল্যান্ডের দ্য হেগ-ভিত্তিক আদালত উগান্ডা, কঙ্গো, সুদান এবং কলম্বিয়ার বেশ কিছু অপরাধের তদন্ত পরিচালনা করেছেন। তারা উগান্ডার একটি কুখ্যাত সংগঠনের চার নেতাকে বিচারের সম্মুখীন করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র আদালতটির বিরোধিতা করলেও সুদানের বড় ধরনের মানবাধিকার লংঘনের মামলাটি আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের জন্য প্রেরণ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অনুমতি দেয়।
