ইরানের মন্তব্যে নাখোশ ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্লেয়ার
মানচিত্র থেকে ইসরাইলকে নিশ্চিহ্ন করার প্রত্যয় ব্যক্ত করে ইরানের ডানপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের বক্তব্যে নাখোশ হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
লন্ডনের কাছে হ্যাম্পটন কোর্টে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একদিনের একটি সম্মেলনে প্রধানমন্ত্রী ব্লেয়ার বলেন, আহমেদিনেজাদ বুধবার যে মন্তব্য করেছেন, সে রকম মন্তব্য তিনি কোনদিন শোনেননি।
পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালানোর অভিযোগে অভিযুক্ত ইরান সম্পর্কে তিনি বলেন, দেশটিকে শিগগিরই একটি প্রকৃত হুমকি হিসেবে বিবেচনা করা হবে।
ইসরাইলের মানবতার বিরুদ্ধে কৃত অপরাধের প্রতি দৃষ্টি না দেওয়ায় ইরান পশ্চিমা বিশ্বের সমালোচনা করেছে।
প্রেসিডেন্ট আহমেদিনেজাদের মন্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করে ইইউ নেতৃবৃন্দ ইতোমধ্যে একটি যৌথ বিবৃতি দিয়েছে।
প্রেসিডেন্টের মন্তব্যের প্রতিবাদ জানাতে লন্ডনে নিযুক্ত ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ইতোমধ্যে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে।
ব্লেয়ার আরও বলেন, ইরানের নেতার আবেগ গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ইসরাইল, সন্ত্রাসবাদ ও পারমাণবিক অস্ত্র ইস্যুর প্রতি ইরানের দৃষ্টিভঙ্গিও গ্রহণযোগ্য নয়।
ব্লেয়ার বলেন, পৃথিবীর কোনও দেশের প্রেসিডেন্ট অপর একটি দেশকে নিশ্চিহ্ন করার ইচ্ছার কথা জানিয়েছেন, এমন কথা তিনি জীবনে শোনেননি।
তিনি বলেন, তারা যদি তাদের দৃষ্টিভঙ্গির প্রতি অবিচল থাকে, তাহলে শিগগিরই পৃথিবীর নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ইরানকে হুমকি হিসেবে গণ্য করা হবে।
ইরানের রাজধানী তেহরানে ‘ ইহুদিবিহীন বিশ্ব’ বা দ্য ওয়ার্ল্ড উইদাউট জায়নিজম নামে এক কনফারেন্সে প্রেসিডেন্ট আহমেদিনেজাদ এ মন্তব্য করেন।
ইরানের কিংবদন্তিতুল্য ধর্মীয় নেতা আয়াতুল্লাহ্ রুহুল্লা খোমেনির উদ্ধৃতি দিয়ে কনফারেন্সে আহমেদিনেজাদ বলেন, ইমাম যেমন বলেছেন, তেমনি ইসরাইলের মানচিত্র নিশ্চিহ্ন করে ফেলা উচিত।
