উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট
উত্তর কোরিয়ার সাথে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করতে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও শিগগিরই পিয়ংইয়ং সফরে যাচ্ছেন।
প্রেসিডেন্ট জিনতাওয়ের উত্তর কোরিয়া সফরে পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তজাতিক বিতর্ক দুই দেশের আলোচনার ক্ষেত্রে প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট জিনতাও উত্তর কোরিয়ার কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন।
প্রেসিডেন্ট জিনতাওয়ের সফরের আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কারণে সৃষ্ট আন্তর্জাতিক বিতর্ক নিরসনে নভেম্বরে শুরুর দিকেই ছয় জাতির নির্ধারিত বৈঠক শুরু হবে বলে চীন আশা করে।
২০০১ সালের পর এই প্রথমবারের মত চীনের শীর্ষ পর্যায়ের কোন নেতা উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। পিয়ংইয়ংয়ের পারমাণবিক ভবিষ্যত নিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে প্রেসিডেন্ট জিনতাও চেষ্টা চালাবেন বলে বিশ্লেষকরা বলছেন।
উত্তর কোরিয়া সফর শেষে প্রেসিডেন্ট জিনতাও ভিয়েতনাম সফরে যাবেন।
