২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের বিপক্ষে হারিরিপুত্র

বোমা হামলায় নিহত লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির পুত্র বলেছেন, সিরিয়ার ওপর সম্ভাব্য অর্থনৈতিক অবরোধ আরোপের যে হুমকি দেওয়া হচ্ছে তিনি তার বিপক্ষে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 12:30 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন প্রস্তাবিত সিরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের পরিকল্পনা বিবেচনাধীন থাকা অবস্থায় হারিরিপুত্র সাদ হারিরি এ মন্তব্য করলেন।

তিনি বলেন, তার পিতার হত্যাকারীদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আওতায় বিচার করাই তার কাছে অধিকতর পছন্দ।

লেবাননের রাজধানী বৈরুতে ১৪ ফেব্রুয়ারি এক বোমা হামলায় রফিক হারিরি নিহত হন। হারিরি হত্যাকাণ্ডের পরিকল্পনা করা এবং হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনায় বাধা দেয়ার অভিযোগে সিরিয়াকে অভিযুক্ত করে জাতিসংঘ সম্প্রতি যে রিপোর্ট পেশ করেছে, দামেস্ক তা অস্বীকার করেছে।

সাদ হারিরি বলেন, সিরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের পক্ষপাতি আমি নই। তিনি বলেন, আমরা সিরিয়ার জনগণের বন্ধু। সিরিয়া ও লেবাননের মধ্যে ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা তা অব্যাহত রাখতে চাই।

সফররত সাদ হারিরি প্রেসিডেন্ট জ্যাক শিরাকের সাথে প্যারিসে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

জার্মান কৌঁসুলি ডেটলিভ মেহিসের নেতৃত্বাধীন জাতিসংঘ তদন্ত রিপোর্টের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট শিরাক। প্রকৃত অপরাধীদের বিচারের সম্মুখীন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে রাশিয়া ও আরব লীগও প্রস্তাবিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার বিরোধিতা করেছে। এ ব্যাপারে নিরাপত্তা পরিষদে ভোট গ্রহণকালে ভেটো প্রদান করবে বলে রাশিয়া জানিয়েছে।