সাদ্দামের বিচারকার্য স্থগিত করে দিয়েছে আইনজীবীরা
ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের আইনজীবীরা বলেছেন, নিরাপত্তার কারণে তারা গঠিত ট্রাইব্যুনালের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে যাচ্ছেন।
আইনজীবীদের দলটি বলেছে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না ঘটা পর্যন্ত ট্রাইব্যুনালের সাথে তাদের যোগাযোগ বন্ধ থাকবে।
সাদ্দাম হোসেনের পক্ষের আইনজীবী সাদাউন নাসাউফ আল-জানাবিকে গত সপ্তাহে অপহরণের পর মেরে ফেলার কারণে আইনজীবীদের দলটি এ ঘোষণা দিল।
গত সপ্তাহ থেকে বিচার প্রক্রিয়া শুরু হলেও সাদ্দামের বিচার প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ হবে কি না সে বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে।
আইনজীবী খলিল দুলাইমি নেতৃত্বাধীন আইনজীবীদের দলটি এক বিবৃতিতে জানিয়েছে, দুই হাজার আইনজীবীদের নিয়ে গড়া আমাদের দলটি ট্রাইব্যুনাল সংক্রান্ত যেকোনও কাজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা ব্যবস্থার ক্রমাবনতি, আইনজীবীদের কাজের ওপর প্রভাব, নিজের ও পরিবারের জীবনের ওপর অব্যাহত হুমকি ইত্যাদি কারণে আইনজীবীরা ট্রাইব্যুনাল সংক্রান্ত কাজ থেকে নিজেদের বিরত রাখছে। সাদাউন জানাবির হত্যাকাণ্ডের পর হুমকি আরও বেড়ে গেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
মিস্টার জানাবিকে বন্দুকধারীরা রাজধানী বাগদাদ থেকে ২০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় অপহরণ করে। শুক্রবার রাজধানীর ফিরদাউস মসজিদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছিল।
প্রেসিডেন্টের ওপর ব্যর্থ হত্যা প্রচেষ্টার পর সাদ্দামের নির্দেশে শিয়া অধ্যুষিত দুজাইল শহরে হামলা চালিয়ে ১৪০ জনেরও বেশি লোককে হত্যা করা হয়েছিল বলে সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।
ট্রাইব্যুনাল ২৮ নভেম্বর পর্যন্ত মামলার শুনানি স্থগিত ঘোষণা করলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাদ্দামের পক্ষের আইনজীবীরা মামলার শুনানি স্থগিত রাখার দাবি জানিয়েছেন।
