দ. এশিয়ার ভূমিকম্পদুর্গতদের সহায়তা দিতে উন্নত বিশ্ব ব্যর্থ : অক্সফাম
দক্ষিণ এশিয়ার ভূমিকম্পদুর্গতদের সাহায্যার্থে জাতিসংঘ যে তহবিলের আহ্বান জানিয়েছিল, পৃথিবীর অনেক ধনী দেশই সে আহ্বানে সাড়া দিতে ব্যর্থ হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক একটি শীর্ষ দাতা সংস্থা এ কথা জানিয়েছে।
দাতা সংস্থা অক্সফাম জানায়, জাতিসংঘের সাহায্য সংস্থাগুলোকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতির পরও মাত্র ৩০ শতাংশ ধনী দেশ সে প্রতিশ্রুতি রক্ষা করেছে। জাতিসংঘের আহ্বানে ধনী দেশগুলো ৩১২ মিলিয়ন ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল।
সংস্থাটি জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি এবং ইতালি প্রতিশ্রুতির চেয়ে অনেক কম সহায়তা দিলেও অন্যান্য দেশগুলো কিছুই দেয়নি।
ভূমিকম্প দুর্গতদের সাহায্যার্থে তহবিল গঠনের আহ্বান জানাতে সুইজারল্যান্ডের জেনেভায় বিভিন্ন দেশ ও দাতা সংস্থাগুলো বুধবার মিলিত হওয়ার আগে অক্সফামের পক্ষ থেকে এ সমালোচনা জানানো হল।
তহবিলের অভাব ও বাস্তবিক প্রতিকূলতার ব্যাপারে জাতিসংঘ এর আগে সদস্য দেশ ও দাতা সংস্থাগুলোকে সতর্ক করে দেয়। ভূমিকম্পের পরও বেঁচে যাওয়া আট লাখ দুর্গতদের জন্য অবকাঠামোগত প্রতিকূলতাকে জাতিসংঘ মরণফাঁদ বলে আখ্যায়িত করেছে।
জাতিসংঘ বলেছে, বিশ শতাংশেরও বেশি ক্ষতিগ্রস্ত কোন সাহায্য পায়নি।
পাকিস্তান জানায়, ৮ অক্টেবরের ভূমিকম্পে তাদের ৫৩ হাজারেরও বেশি লোকের প্রাণহানির ঘটনা ঘটেছে। অধিকাংশ প্রাণহানির ঘটনা ঘটেছে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরে।
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরেও ১,৪০০ লোকের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
অক্সফাম বলেছে, অর্থনৈতিক অবস্থা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি ও ইতালি যতটুকু দিতে পারতো, তার চেয়ে অনেক কম সহায়তা তারা দিয়েছে। আর বেলজিয়াম, ফ্রান্স, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, গ্রীস, পর্তুগাল এবং স্পেন-এই বাকি সাত ধনী দেশ এখন পর্যন্ত কোন সহায়তা দেয়নি।
অক্সফাম সতর্ক করে দিয়ে বলেছে, ঘোষিত জরুরি প্রতিশ্রুত তহবিল ও সংগৃহীত তহবিলের মধ্যে পার্থক্য বেঁচে যাওয়াদের মধ্যে জীবন ও মরণের মধ্যে পার্থক্য হিসেবে দেখা দিতে পারে।
জাতিসংঘের একটি পরিসংখ্যান থেকে জানা গেছে, আহূত সহায়তার মাত্র বিশ শতাংশ পাওয়া গেছে।
