ইসরাইলে ফিলিস্তিন জঙ্গিদের নতুন করে রকেট হামলা
ফিলিস্তিন জঙ্গিরা গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে সোমবার নতুন করে রকেট হামলা চালিয়েছে।
হাতে বানানো রকেটগুলো ইসরাইলের সার্দত শহরে পড়লেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি বলে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে। রোববার ইসরাইলি সেনারা পশ্চিম তীরের একজন শীর্ষ জঙ্গি নেতাকে বিমান হামলার মাধ্যমে হত্যা করার প্রতিশোধ হিসেবে ইসলামি জিহাদ এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।
এদিকে ইসরাইলও গাজায় বিমান হামলা চালিয়েছে। এতে পাঁচজন নিহত এবং দুটো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফিলিস্তিন জঙ্গি গোষ্ঠি হামাস বলেছে, তারা সাম্প্রতিক অনানুষ্ঠানিক অস্ত্র বিরতি পর্যবেক্ষণ করছে।
ফিলিস্তিন প্রধান মধ্যস্ততাকারী সায়েব এরাকাত এর আগে সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিম তীরে ইসরাইলের অভিযান সাময়িক যুদ্ধ বিরতিকে অশান্ত করে তুলতে পারে।
