২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ায় বার্ড ফ্লু মোকাবেলায় ৫৮ মিলিয়ন ডলার ব্যায় করবে এডিবি

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বার্ড ফ্লু’র প্রাদুর্ভাব প্রতিরোধ করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) দু’টি প্রকল্পে ৫৮ মিলিয়ন ডলার খরচ করবে। ব্যাংকের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 04:07 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ম্যানিলাভিত্তিক ব্যাংকটি এক বিবৃতিতে জানিয়েছে, কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামে সংক্রামক রোগটির প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে ইতোমধ্যে বোর্ড ৩০ মিলিয়ন ডলারের প্রকল্প গ্রহণের চিন্তাভাবনা করছে।

এডিবি’র স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ ভিনসেন্ট ডি উইট জানান, মেকং উপ-আঞ্চলিক সহযোগিতা প্রোগ্রামের আওতায় অ্যাভিয়ান ফ্লু’র মত সংক্রামক রোগগুলোর প্রাদুর্ভাব প্রতিরোধ ও প্রতিকার করতে প্রকল্পটি এ অঞ্চলকে সহায়তা করবে।

কিন্তু ভাইরাসটি প্রাদুর্ভাবের ঝুঁকি বৃদ্ধি পাওয়ার কারণে এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য অতিরিক্ত ২৮ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার চিন্তাভাবনা করছে।

প্রকল্পটি বাস্তবায়িত করতে এডিবি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থাসহ অন্যান্য উন্নয়ন সংস্থার সাথে একযোগে কাজ করবে।

ব্যাংকটি জানায়, রোগটির পর্যবেক্ষণ পদ্ধতি, পশু ও জনগণের মাঝে রোগের প্রাদুর্ভাব দেখা দিলে তার প্রতি সংশ্লিষ্ট দেশগুলোর শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা উন্নত করা এবং স্বাস্থ্য পদ্ধতির সাড়া দেয়ার বিষয়টি ত্বরান্তিত করা এ প্রকল্পের মধ্যে পড়বে।

দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণপূর্ব এশিয়া কার্যালয়ের মাধ্যমে আরও অতিরিক্ত ৬০০,০০০ ডলার বরাদ্দের পরিকল্পনা হাতে নিচ্ছে বলে ব্যাংকটি জানিয়েছে।

২০০৩ সালে প্রথম দেখা দেয়া বার্ড ফ্লু’র আক্রমণে এখন পর্যন্ত কমপক্ষে ১৪০ মিলিয়ন গৃহপালিত পাখি ও ৬০ জনেরও বেশি লোকের মৃত্যু ঘটেছে।