পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত
পশ্চিম তীরের তুলকারেম শহরে ইসরাইলি সেনাদের গুলিতে দু’জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ইসরাইলি সেনাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারার সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে সেনারা গুলি চালায়।
তবে ইসরাইলি বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, তাদের গাড়ির দিকে লক্ষ্য করে গুলি করলে তারাও পাল্টা গুলি করে।
আরেকটি পৃথক ঘটনায় এক ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তুলকারেমে উত্তেজিত জনতাদের শান্ত করতে গেলে তিনি গুলিবিদ্ধ হন।
একটি কফি শপে বাক বিতণ্ডার এক পর্যায়ে ফিলিস্তিনি বন্দুকধারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে এ ঘটনা ঘটে।
এ বছরের প্রথমে ইসরাইল ফিলিস্তিনি পুলিশের হাতে শহরের নিয়ন্ত্রণভার হস্তান্তর করার পর এই প্রথম গোলাগুলির ঘটনা ঘটল।
রোববার গুশ এজিয়ন বসতির তিন ইহুদীকে হত্যার পর থেকে পশ্চিম তীরে উত্তেজনা বেড়েই চলেছে।
প্রতিশোধস্বরূপ ইসরাইল, ফিলিস্তিনিদের পশ্চিম তীর ব্যবহারের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে।
