রাশিয়ার পাখিতে প্রাণঘাতী বার্ড ফ্লু’র সন্ধান লাভ
মস্কোর দক্ষিণাঞ্চলে পাখির শরীরে প্রাণঘাতী এভিয়ান ফ্লুর সন্ধান পেয়েছে রাশিয়া। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে নিয়ন্ত্রণ ও প্রতিরোধ ব্যবস্থার ব্যাপারে তোড়জোর চলছে।
ইউরোপীয় কমিশন জানিয়েছে, মস্কো থেকে ১২৫ মাইল দক্ষিণে টোলা অঞ্চলে অসংখ্য বন্য হাঁসের মধ্যে এইচ-৫ এন-১ মরণব্যাধি জীবাণু সনাক্ত করা হয়েছে। এই জীবাণুতে সংক্রামিত হয়ে ২০০৩ সাল থেকে এ পর্যন্ত এশিয়ার ষাট জনের বেশি লোক মারা গেছে। তুরস্ক এবং রোমানিয়াতে এ রোগ আবিষ্কারের পর হাজার হাজার হাঁস-মুরগিকে মেরে ফেলা হয়েছে।
ব্রিটেন লাখ লাখ লোককে এ রোগের আক্রমণ থেকে রক্ষার জন্য প্রচুর পরিমাণে ভ্যাকসিন ক্রয়ের পরিকল্পনা করেছে।
দেশের পোলট্রি ফার্মগুলোর সাথে যাযাবর পাখির যাতে কোনও সংস্পর্শই না হয় সেজন্য জার্মানিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রাশিয়া ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, পূর্ব রাশিয়া এবং সাইবেরিয়াতে বার্ড ফ্লুর অস্তিত্ব রয়েছে। কিন্ত বুধবারের ঘোষণায় জানা গেল, এশিয়া থেকে ইউরোপীয় রাশিয়াকে বিভক্তকারী ওরাল পর্বতেও এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। রাশিয়ার কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে ইয়ানডভকা গ্রামে বার্ড ফ্লো’তে ২২০ টি গৃহপালিত হাঁস-মুরগি মারা গেছে।
গ্রীস এবং রোমানিয়াতেও এ ভাইরাসের প্রকোপ বাড়ছে। মানবদেহে ইনফ্লুয়েঞ্জা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশংকায় ইউরোপীয় কমিশন সদস্য দেশগুলোকে এন্ট্রি-ভাইরাল ড্রাগের মজুদ বাড়ানোর পরামর্শ দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী বার্ড ফ্লুকে ‘গ্লোবাল থ্রেট’ হিসেবে ঘোষণা করেছেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
