দক্ষিণ কোরিয়ার উপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান: সিউল
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পারমাণবিক ইস্যু প্রেরণের লক্ষ্যে গৃহীত আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের প্রস্তাব দক্ষিণ কোরিয়া সমর্থন করায়, তেহরান দেশটির উপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে। দক্ষিণ কোরিয়া সরকারি কর্মকর্তারা বুধবার এরকম মন্তব্য করেছেন।
ইরান সেপ্টেম্বর মাসে সতর্ক করে দিয়ে বলেছিল, ইরানের উপর সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার লক্ষ্যে দেশটির পারমাণবিক ইস্যু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেরণ করতে গৃহীত আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের (আইএইএ) প্রস্তাব যে সব দেশ সমর্থন করবে, বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করার মাধ্যমে তেহরান তাদের শাস্তি দিতে পারে।
দক্ষিণ কোরিয়ার একজন সরকারি কর্মকর্তা বুধবার বলেন, আমদানি নিষধাজ্ঞা আরোপ সংক্রান্ত খবর সত্য কিনা তা আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। তবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে।
আমদানির উপর আরোপিত নিষেধাজ্ঞার খবর সত্য হলে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স এবং অটোমোটিভ সামগ্রী রপ্তানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে ওই কর্মকর্তা জানান।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বান কি-মুন সিউলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে কি না সে ব্যাপারে তিনি নিশ্চিত নন।
তিনি বলেন, দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে সিউল এ ব্যাপারে যোগাযোগ রাখছে। তবে ইরানের গৃহীত পদক্ষেপ আইএইএ’র গৃহীত প্রস্তাবনার সাথে সম্পর্কিত কিনা সে ব্যাপারে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।
বাণিজ্য সংস্থা কোট্রা’র (কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি) এক কর্মকর্তা বলেছেন, ইরানি বাণিজ্য সংস্থা দক্ষিণ কোরিয়ার পণ্যসমূহকে ছাড়পত্র দিচ্ছে না।
