ভূমিকম্পে ত্রাণ কর্মসূচি নিয়ে ভারত-পাকিস্তান একমত হতে পারেনি
ভূমিকম্পে উদ্ধার কাজ পরিচালনার জন্য ভারতীয় সামরিক বিমান ব্যবহার করা হবে কি না সে ব্যাপারে পাকিস্তান ও ভারত মতৈক্যে পোঁছাতে পারেনি।
পাকিস্তান বলেছে, তারা ভারতীয় হেলিকপ্টার ব্যবহার করলেও সে দেশের বিমান চালককে পাকিস্তান নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের অনুমতি দেবে না। এদিকে ভারত, সে দেশের বিমান চালক দিয়েই হেলিকপ্টার চালানোর ওপর জোর দিচ্ছে তারা।
জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন, আসন্ন শীতে শরনার্থীদের জন্য উষ্ণ তাবু প্রয়োজন, যা অপ্রতুল।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫৪ হাজারের বেশি।
বেঁচে যাওয়া অনেকেই দুর্গম পাহাড় বা গভীর উপত্যকায় আশ্রয় নিয়েছেন। সেসব স্থানে হেলিকপ্টার ছাড়া যাওয়ার অন্য কোন উপায় নেই।
চির বৈরী ভারত ও পাকিস্তানের মধ্যকার এ সংক্রান্ত চুক্তি দুটি দেশের মধ্যকার বৈরিতার অবসান ঘটাবে বলে অনেকের ধারণা।
আবহাওয়া অনুকূল হওয়ায় হেলিকপ্টারে পুনরায় ত্রাণ কর্মসূচি শুরু হলেও শতকরা ২০ শতাংশ এলাকা দুগর্ম হওয়ায় সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
ভূমিকম্পের দশদিন পেরিয়ে গেলেও কমপক্ষে ২০ লাখ লোক এখনও গৃহহারা অবস্থায় রয়েছে।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
প্রাদেশিক মন্ত্রী সিকান্দার হায়াত খান বলেন, আহতের সংখ্যা ৭০ হাজার পর্যন্ত হতে পারে।
পাকিস্তান সরকার বলেছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে প্রায় ৪০ হাজার লোক নিহত হয়েছে।
অন্যদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কর্মকর্তা বলেছেন, সেখানে ১৪০০ জন নিহত হয়েছে।
উদ্ধারকর্মীরা বলেছেন, আশ্রয়স্থল না পেলে আরও লোকের মৃত্যু হবে।
