২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন না তারেক আজিজ

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দেশটির সাবেক উপ-প্রধানমন্ত্রী তারেক আজিজ সাক্ষ্য দেবেন বলে একটি প্রতিবেদনে যে দাবি করা হয়েছে, আজিজের আইনজীবী তা অস্বীকার করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 10:25 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

তারেক আজিজের আইনজীবী ইজ্জাত আরেফ বলেন, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে তারেক আজিজ সাক্ষ্য দেবেন না।

সাদ্দামের বিচার প্রক্রিয়া বুধবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করে দিয়ে বলেছে, আন্তর্জাতিক মান অনুযয়ী বিচার প্রক্রিয়া অনুসরণ নাও করা হতে পারে।

ইরাকের কোন একটি গোপন স্থানে সাদ্দামের বিচার প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

ব্রিটেনের সানডে টেলিগ্রাফে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, সাদ্দামের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার শর্তে তারিক আজিজের বিরুদ্ধে আনীত প্রধান অভিযোগগুলো প্রত্যাহার করে নেয়া হবে এবং তাকে তার আত্মজীবনী লেখার সুবিধার্থে একান্তে জীবনযাপন করার অনুমতি দেওয়া হবে। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি এ দাবি জানায়।

অবশ্য আজিজের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোন অপরাধের অভিযোগ আনা হয়নি। ২০০৩ সালে গ্রেপ্তারের পর থেকেই আজিজকে একটি গোপন স্থানে আটক রাখা হয়েছে।

টেলিগ্রাফের প্রতিবেদন সম্পর্কে আইনজীবী আরেফ বলেন, এটা পুরোপুরি ভুয়া। আমি সবসময়ই বলেছি যে, সাদ্দামের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কোন ইচ্ছা তার নেই।

হিউম্যান রাইটস ওয়াচ রোববার বলেছে, সাদ্দামের বিচার প্রক্রিয়া স্বচ্ছ না হওয়ার সম্ভাবনা রয়েছে।

মানবাধিকার সংগঠনটি আশংকা করে বলেছে, সাদ্দাম হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে এবং বিবাদীর আইনজীবীকে তার মামলার জন্য প্রস্তুত হতে পর্যাপ্ত সময় নাও দেওয়া হতে পারে।

শিয়া মুসলমান অধ্যুষিত ইরাকের দুজালি গ্রামে ১৯৮২ সালে চালানো গণহত্যার অভিযোগে সাদ্দাম হোসেন ও অপর সাত অভিযুক্তের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। পাঁচজন বিচারক বিচার প্রক্রিয়া পরিচালনা করবেন।

দুজালিতে সেসময় কমপক্ষে ১০০ শিয়া ধর্মাবলম্বীকে হত্যা করা হয়।

গঠিত ট্রাইব্যুনালের আইনগত বৈধতার সমালোচনা ও বিচারকদের নিরাপত্তা শংকার কারণে বিচার প্রক্রিয়া বেশ কয়েকবার পিছিয়ে গেছে।