ওহিওতে নাৎসিদের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত
ওহিও’র টোলেডোতে দাঙ্গাবাজরা পরিকল্পিত নব্য নাৎসি মিছিলের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ পুলিশের ওপর হামলা চালিয়েছে। এ সময় তারা গাড়িতে আগুন লাগিয়ে দেয়।
ওহিও শহরের পুলিশ কমপক্ষে ২০ জনকে গ্রেফতার করেছে। স্থানীয় কর্মকর্তারা জরুরী অবস্থা ঘোষণা করে সারা রাত কার্ফ্যু জারি করেছে।
কমপক্ষে পাঁচশ’ লোক সে সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানা গেছে।
নব্য নাৎসিদের ২০ জনের একটি দল মিছিলের জন্য পার্কে সমবেত হলে পুলিশ তাদেরকে ঘিরে রাখে। এ সময় হঠাৎ করে সংঘর্ষের সূচনা হলে দলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং মিছিল কর্মসূচি বাতিল করা হয়।
টোলেডোর মেয়র জ্যাক ফোর্ড বলেন, নব্য নাৎসিদের মিছিল করতে অনুমতি দেয়ায় একদল উত্তেজিত জনতা সহিংস হয়ে ওঠে।
৬৫ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হলেও চার ঘন্টা পর গ্রেফতারের নির্দেশ তুলে নেওয়া হয়।
কয়েকজন পুলিশ এবং দমকল বাহিনীর সদস্য এ সময় আহত হয়।
কর্তৃপক্ষ সহিংসতা এড়াতে সেখানে কয়েকদিন পুলিশ মোতায়েত রাখার পরিকল্পনা নিয়েছে।
