২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের সাথে জাতিসংঘ বিতর্কের অবসান চায় চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রী লি ঝাওজিং একজন জাপানি কূটনীতিককে জানিয়েছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ পেতে জাপানের প্রচেষ্টার কারণে দেশটির সাথে চীনের যে তিক্ততার অবসান ঘটাতে বেইজিং টোকিও’র সাথে আলোচনা করতে চায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 12:37 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

জাপানি সংবাদ সংস্থা কিয়োদো রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রী লি জাপানের উপ-পররাষ্ট্র মন্ত্রী শোতারো ইয়াচির সাথে রাজধানী বেইজিংয়ে শনিবারের বৈঠককালে জাতিসংঘ বিষয় নিয়ে আলোচনা করতে চীনের আগ্রহের কথা জানান বলে কিয়োদো উল্লেখ করেছে।

জাাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ পেতে জাপানের প্রচেষ্টার পথে চীনই দেশটির সবচেয়ে কড়া সমালোচক। জাপানের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ পাওয়ার বিরোধিতা করার ক্ষেত্রে চীন যুক্তি দেখিয়েছে, অতীত ইতিহাস টোকিও’র নেতৃস্থানীয় ভূমিকার পথে প্রধান বাধা।

বৈঠকে লি বলেন, উদার আলোচনার মাধ্যমে আমরা এমন একটি পথ খুঁজে বের করতে পারি, যা জাপানের কাছে গ্রহণযোগ্য মনে হবে। আমরা জাপানের সাথে বিনিময় ও যোগাযোগ আরও গভীর করতে চাই।

জাপানের পররাষ্ট্র মন্ত্রী নোবুতাকা মাশিমুরার চলতি সপ্তাহে নির্ধারিত চীন সফরের আগে নতুন এ প্রতিবেদনটি প্রকাশিত হল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় এশিয়া জুড়ে জাপানি সেনাদের নৃশংসতা, দেশটির পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতিসহ বিভিন্ন কারণে চলতি বছরের প্রথম দিকে চীনে জাপান বিরোধী বেশ কয়েকটি বিক্ষোভ হয়েছে। আর এ কারণেই দেশ দু’টির মধ্যে স্মরণকালের সবচেয়ে খারাপ সম্পর্ক বিরাজ করছে।

জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের সমাধিক্ষেত্র ইয়াসুকুনি পরিদর্শণও দেশ দুটির মধ্যে সম্পর্ক খারাপের জন্য দায়ী। বহুল বিতর্কিত এ সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি দেশটির সামরিক বাহিনীর অতীত ইতিহাসের প্রতি সমর্থন জানাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।