২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইবেরিয়ার নির্বাচনের প্রাথমিক ফলাফলে ফুটবলার জর্জ উইয়াহ এগিয়ে

১৪ বছরের গৃহযুদ্ধের অবসানের পর লাইবেরিয়ায় মঙ্গলবারের ঐতিহাসিক নির্বাচনের ফলাফল ধীরে ধীরে প্রকাশিত হতে হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 10:21 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

নির্বাচনে তিন হাজার পোলিং স্টেশনের ২,৪৫৭টির ভোট গণনা সম্পন্ন হয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, লাইবেরিয়ার জাতীয় দল ও চেলসির সাবেক ফুটবলার জর্জ উইয়াহ প্রদত্ত ভোটের ২৯ দশমিক আট শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

২২ প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে ইলেন জনসন-স্যারলিফ ১৯ দশমিক সাত শতাংশ এবং চার্লস ব্রুমস্কাইন ১২ শতাংশ ভোট পেয়েছেন।

মঙ্গলবারের নির্বাচনে সহিংস ঘটনা কম ঘটায় এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হওয়ায় স্থানীয় ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকরা পুরো নির্বাচন প্রক্রিয়ার প্রশংসা করেছেন।

প্রেসিডেন্ট নির্বাচনে ২২ প্রার্থীর মধ্যে কোন প্রার্থী পঞ্চাশ শতাংশ ভোট না পেলে শীর্ষ দুই ভোটপ্রাপ্ত প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন বলছে, নির্বাচনে নিবন্ধীকৃত সাড়ে ১৩ লাখ ভোটারের মধ্যে ৭৪ দশমিক ছয় শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার ফ্রান্সিস জনসন মরিস বলেছেন, নির্বাচন সংক্রান্ত কোন সহিংস ঘটনার অভিযোগ আমরা পায়নি।

প্রতিটি ভোট কেন্দ্রের ফলাফল ভোট কেন্দ্রগুলোতে টানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া রাজধানী মনরোভিয়ায় লাউডস্পিকারের বিভিন্ন কেন্দ্রের ফলাফল জানানো হচ্ছে। এ ফলাফল স্থানীয় বেতারগুলো সম্প্রচার করছে।

নির্বাচনে প্রেসিডেন্ট ছাড়াও ভাইস প্রেসিডেন্ট, সিনেটের সদস্য এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হবে। আর এ কারণেই ভোট গণনায় কিছুটা সময় বেশি লাগছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

২৬ অক্টোবর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে। প্রয়োজন হলে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে ৮ নভেম্বর দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।