ইরাকি নির্বাচনের প্রশংসায় মার্কিন প্রশাসন
ইরাকের সংবিধান সংক্রান্ত গণভোটে বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি ও তাদের ভোটাধিকার প্রয়োগ করায় মার্কিন প্রশাসন ইরাকিদের ব্যাপক প্রশংসা করেছেন।
বুশ প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন, ইরাকের জনগণ মুক্ত ও গণতান্ত্রিক ভবিষ্যত গড়তে সাহসিকতার পরিচয় দিয়েছে।
প্রাথমিক ভোট গণনায় দেখা গেছে, মোট ভোটারের প্রায় ৬৫ শতাংশ বা ১০ মিলিয়ন ভোটার শনিবারের গণভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে কয়েক দিন লেগে যাবে।
জানুয়ারির পার্লামেন্ট নির্বাচনের তুলনায় শনিবারের গণভোটে সহিংস ঘটনা খুব কমই ঘটেছে। অনেক এলাকা থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের খবর পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেন, ঐতিহাসিক ভোটের জন্য আমরা ইরাকের সাধারণ জনগণকে সাধুবাদ জানাই।
তিনি বলেন, ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতির হার ছিল বেশি। সহিংস ঘটনা ঘটেছে কম। এছাড়া স্বচ্ছ ও কারচুপিমুক্ত নির্বাচন হয়েছে।
জাতিসংঘ মহাসচিব কফি আনানও ইরাকিদের প্রশংসা করেছেন। তিনি বলেন, চলতি বছরে দ্বিতীয়বারের মত ইরাকের জনগণ নানা প্রতিকূলতা ও সহিংস ঘটনার হুমকি সত্ত্বেও ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেন, গণতন্ত্রের দিকে ইরাকের যে যাত্রা, সেক্ষেত্রে ভোট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন, ইরাকের রাজনৈতিক প্রক্রিয়ায় ইরাকি জনগণ তাদের ভবিষ্যত বিনিয়োগ করছে।
এদিকে ফলাফলের ব্যাপারে নির্বাচন কর্মকর্তারা বলছেন, প্রাথমিক ফলাফল তিন থেকে পাঁচ দিনের মধ্যেই ঘোষণা করা হবে। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে বেশ কিছুদিন সময় লাগবে।
জানুয়ারির পার্লামেন্ট নির্বাচনের চেয়ে শনিবারের গণভোটে সুন্নিদের অংশগ্রহণ অনেক বেশি ছিল বলে জানা গেছে। অবশ্য অনেকে খসড়া সংবিধান প্রণয়নের বিপক্ষে ভোট দিয়েছেন।
নির্বাচন কমিশনের মুখপাত্র সাদাল্লাহ আল-রাবি জানিয়েছেন, আনবার প্রদেশের রামাদিতে ভোটার উপস্থিতির হার ছিল কম।
কুর্দি অধ্যুষিত উত্তরাঞ্চলে প্রত্যাশার চেয়ে কম ভোট পড়েছে। নিবন্ধীকৃত ভোটারের মধ্যে ৩৩ থেকে ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এদিকে বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলে নির্বাচন সংক্রান্ত সহিংস ঘটনায় তিন ইরাকি সেনা নিহত হয়েছে। রাজধানী বাগদাদের বেশ কয়েকটি ভোট কেন্দ্রে পৃথক সহিংস ঘটনায় কমপক্ষে একজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে।
দশ নির্বাচন কর্মীকে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
পশ্চিম বাগদাদের একটি ভোট কেন্দ্র থেকে বিদ্রোহীরা ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে গেছে।
খসড়া সংবিধান অনুমোদিত হলে এটি ডিসেম্বরের পার্লামেন্ট নির্বাচনের ভিত্তি হিসেবে কাজ করবে।
