মার্কিন সেনারা অভিযানকালে ইরাকিদের ক্ষুধার্ত রাখছে : জাতিসংঘ
ইরাকে বিদ্রোহী দমন অভিযানকালে সেখানে মোতায়েনকৃত মার্কিন সেনারা সাধারন ইরাকিদের খাদ্য ও পানি সরবরাহ বিচ্ছিন্ন করে দেয়ার মাধ্যমে আন্তর্জাতিক আইনের লংঘন করছে বলে জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা অভিযোগ করেছেন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক শীর্ষ কর্মকর্তা জ্যাঁ জিগলার বলেন, অভিযান চালানোর আগে সরবরাহ বিচ্ছিন্ন করার মাধ্যমে মার্কিন সেনারা বিদ্রোহীদের আস্তানা থেকে সাধারন ইরাকিদের সরে যেতে বাধ্য করে।
সুইজারল্যান্ডে জন্মগ্রহণকারী সমাজবিজ্ঞানী জিগলার বলেন, মার্কিন সেনাদের এ ধরনের যুদ্ধকৌশল আন্তর্জাতিক আইনের পরিপন্থি।
এক সংবাদ সম্মেলনে জিগলার বলেন, ইরাকে এক ধরনের নাটক চলছে। পানি ও খাদ্য সরবরাহ বন্ধ করার মাধ্যমে ক্ষুধার্ত রেখে বেসামরিক ইরাকিদের বিরুদ্ধে একধরনের যুদ্ধ পরিচালনা করছে। তিনি বলেন, এটা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লংঘন।
অবশ্য বাগদাদে মোতায়েনকৃত মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র জিগলারের অভিযোগ অস্বীকার করেছেন।
মুখপাত্র লে. কর্নেল স্টিভ বয়লান বলেন, ইরাকিদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করার অধিকার সংক্রান্ত সকল অভিযোগই অসত্য। তবে অভিযানের সময় পানি ও খাদ্য বিলম্বে সরবরাহ করা হয়েছে বলে তিনি স্বীকার করেছেন। তবে তিনি যুক্তি দেখিয়েছেন, ইরাকি জনগণের কল্যাণের জন্যই সাময়িকভাবে সরবরাহ বন্ধ রাখা হয়।
জেনেভা কনভেনশন অনুযায়ী, বেসামরিক নাগরিককে খাদ্য ও পানি থেকে বঞ্চিত করা বেআইনি। পাশাপাশি খাদ্য ও পানি সরবরাহ বিচ্ছিন্ন করাও জেনেভা কনভেনশনে নিষিদ্ধ করা হয়েছে।
ইরাক যুদ্ধের বিরোধিতাকারী জিগলার খাদ্য ও পানি সরবরাহ বিচ্ছিন্ন করার বিষয়টি জাতিসংঘ সাধারন পরিষদের পরবর্তী অধিবেশনে উত্থাপন করবেন বলে জানিয়েছেন।
তিনি ২৭ অক্টোবর এ সংক্রান্ত একটি প্রতিবেদন জাতিসংঘে পেশ করবেন।
