২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণবিক কর্মসূচি নিয়ে সংলাপ শুরু করুন: ইরানের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র

পারমাণবিক কর্মসূচির ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে আলোচনা শুরু করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 10:45 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

ফ্রান্সের নেতাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রাইস ইরানের প্রতি এ আহ্বান জানান।

পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে ইরানকে রাজি করানোর ব্যাপারে ইইউ’র তিন বৃহৎ দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র হুমকি দিয়ে বলেছে, ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ব্যর্থ হলে দেশটির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো হবে।

রাইস বলেন, সমঝোতার দরজা সবসময় খোলা রয়েছে। অবশ্য ইস্যুটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পঠানোর সম্ভাবনাও রয়েছে।

ফ্রান্স বরাবরই কূটনৈতিক উপায়ে ইরানের পারমাণবিক ইস্যুর সমাধান চেয়েছে। তবে শুক্রবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী ফিলিপ ডোস্টে-ব্ল্যাজি মন্তব্য করেন, ইস্যুটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানোও তাদের একটি বড় পছন্দ।

ফ্রান্সের সাথে বৈঠক শেষে রাইস এখন মস্কোতে অবস্থান করছেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করবেন।

উল্লেখ্য, পারমাণবিক চুল্লি স্থাপন করতে রাশিয়া ইরানকে পর্যাপ্ত সহায়তা দিচ্ছে।

রাশিয়া সফর শেষে রাইস ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র’র সাথে বৈঠক করতে লন্ডন রওনা দেবেন।