রাশিয়ায় বিদ্রোহীদের হত্যা করে অপহৃতদের মুক্ত করেছে সরকারি বাহিনী
রাশিয়ার নিরাপত্তা বাহিনী শুক্রবার বলেছে, তারা চেচেন অপহরনকারীদের হত্যা করে একদল অপহৃতকে মুক্ত করেছে।
বৃহস্পতিবার সকাল থেকে একদল বিদ্রোহী কাবারদিনো-বালকারিয়া প্রদেশের রাজধানী নালচিকের সরকারি ভবন ও পুলিশ স্টেশনে বেশ কিছু লোককে জিম্মি করে। নিরাপত্তা বাহিনীর সাথে অপহরনকারীদের সংঘর্ষে একশ’রও বেশি বিদ্রোহী নিহত হয়েছে বলে জানা গেছে।
বিচার কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা দক্ষিণাঞ্চলীয় নালচিক শহরের এক পুলিশ স্টেশনে অভিযান চালিয়ে আট বিদ্রোহীকে হত্যা করেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় সেখানে বন্দি থাকা পাঁচ ব্যক্তিকেও উদ্ধার করে।
রাশিয়ার পুলিশ বাহিনীর মুখপাত্র মারিনা কিয়াসোভা সাংবাদিকদের জানান, সকল বিদ্রোহীকে হত্যা করা হয়েছে এবং সকল অপহৃতকে মুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে বিদ্রোহীদের সংঘর্ষে ঠিক কতজন বিদ্রোহী ও সরকারি কর্মচারী-পুলিশ মারা গেছে, তার সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি। আরআইএ নভোস্তি সংবাদ সংস্থা জানিয়েছে, সংঘর্ষে ২৪ জন সরকারি কর্মচারি ও পুলিশ নিহত হয়েছে।
নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ১৭ বিদ্রোহীকে আটক করেছে বলে জানা গেছে। অবশ্য বিদ্রোহীদের একিট ওয়েবসাইট বলেছে, সংঘর্ষে তাদের ১১ সদস্য নিহত হয় এবং চারজন নিখোঁজ রয়েছে।
নিরাপত্তা বাহিনীর শহরটিতে আবার তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে দাবি করছে।
