২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পদুর্গতদের জন্য তাবুর শহর স্থাপন করতে যাচ্ছে পাকিস্তান

গত সপ্তাহের ভূমিকম্পে সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া গৃহহীনদের আশ্রয় দিতে পাকিস্তান তার দু’টি শহরের পাঁচটি স্থানে তাবুর আশ্রয়স্থল স্থাপন করতে যাচ্ছে। দেশটির তথ্য মন্ত্রণালয় শুক্রবার এ খবর জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 10:00 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

দক্ষিণ এশিয়ার পাকিস্তান, ভারত ও আফগানিস্তানে শনিবারের ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ২৫,০০০ জন লোক নিহত হয়েছে। এর মধ্যে পাকিস্তানে কমপক্ষে ২৩,০০০ এবং ভারতে কমপক্ষে ১,২০০ জন নিহত হয়েছে। এছাড়া আফগানিস্তানে চার ব্যক্তির নিহতের খবর পাওয়া গিয়েছে।

পাকিস্তানের তথ্য মন্ত্রী শেখ রশিদ আহমেদ জানান, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির পাঁচটি স্থানে তাবুর আশ্রয়স্থল খোলা হবে।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের অধিকাংশ ভূমিকম্প-উপদ্রুত এলাকায় ইতোমধ্যে ত্রাণ পৌঁছে গিয়েছে বলে তথ্য মন্ত্রী জানান।

তবে তথ্য মন্ত্রী আহমেদ বলেছেন, তাবু ও কম্বলের পাশাপাশি আরও বেশি হেলিকপ্টার সহায়তা প্রয়োজন।

তিনি আরও জানান, ভূমিকম্পে পাকিস্তান সেনাবাহিনীর কমপক্ষে ৫০০ সেনা সদস্য নিহত এবং এক হাজারেরও বেশি সেনা আহত হয়েছে। এছাড়া ভূমিকম্পে বেশি কিছু পুলিশ স্টেশন ও হাসপাতাল মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

এদিকে জাতিসংঘ প্রধান ত্রাণ কর্মকর্তা জান ইগাল্যান্ড পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের বিভিন্ন উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন।

ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় একত্রে কাজ করার জন্য তিনি ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন।

ভারত প্রথম দেশ হিসেবে পাকিস্তানে ত্রাণ পাঠিয়েছে। ভারত দ্বিতীয় দফায় আরও ত্রাণ পাঠাচ্ছে বলে নয়া দিল্লি ইতোমধ্যে ঘোষণা দিয়েছে।