সাহিত্যে নোবেল পেলেন ব্রিটিশ নাট্যকার হ্যারল্ড পিনটার
বিতর্কিত ব্রিটিশ নাট্যকার হ্যারল্ড পিনটার সাহিত্যে নোবেল পুরস্কার ২০০৫ পেয়েছেন। বৃহস্পতিবার ১৩ লাখ মার্কিন ডলারের এ পুরস্কার ঘোষণা করা হয়।
৭৫ বছর বয়সী এ নাট্যকার তার দ্য বার্থডে পার্টি ও বিট্রেয়ালসহ অসংখ্য নাটকের জন্য বিখ্যাত।
নোবেল একাডেমি বলেছে, ‘ পিনটার তার সাহিত্য কর্মের মধ্য দিয়ে মানুষের প্রাত্যহিক জীবনে তুচ্ছাতিতুচ্ছ ঘটনা প্রবাহের মধ্যেই যে পাহাড় সমান সংকট লুক্কায়িত থাকে, তা উন্মাচন করেছেন এবং রুদ্ধ দরজার অভ্যন্তরের নির্যাতন চিত্র তুলে ধরেছেন।’
যুক্তরাজ্যে তিনি জীবিতদের মধ্যে সেরা নাট্যকার হিসেবেই পরিচিত।
একাডেমি’র পুরস্কার ঘোষণায় আরও বলা হয়, ‘নাটককে পিনটার তার নিজস্ব মৌলিক অবস্থানে ফিরিয়ে এনেছেন-একটি আচ্ছাদিত কক্ষে অপ্রত্যাশিত সব সংলাপ, যেখানে মানুষ একে অপরের দয়ায় টিকে আছে এবং ছল বা ভনিতা হয়ে পড়ছে চূর্ণ বিচুর্ণ।’
ইহুদি দর্জির ছেলে পিনটার একজন মানবাধিকার কর্মী ও প্রচারাভিযানকারী হিসেবেও সুপরিচিত।
মার্গারেট থ্যাচার ও রোনাল্ড রিগানের রাজনীতির স্পষ্টবাদী সমালোচকও ছিলেন তিনি।
৩০টিরও বেশি নাটক লিখেছেন পিনটার। পাশাপাশি কিছু গল্প কবিতাও লিখেছেন।
জন ফাউলস এর উপন্যাস অবলম্বনে তার চিত্রনাট্য ‘দ্য ফ্রেঞ্চ লেফটেন্যান্টস ওমেন’ ব্যাপক সাড়া জাগিয়েছিলো।
