২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্র মন্ত্রীর ‘আত্মহত্যার’ ঘটনার তদন্ত শুরু করেছে সিরিয়া

সিরীয় স্বরাষ্ট্র মন্ত্রী গাজী কানানের বুধবারের রহস্যজনক আত্মহত্যার ঘটনার প্রেক্ষিতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 12:00 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

২০০৫ সালের ফেব্রুয়ারিতে বৈরুতে বোমা হামলায় লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির মৃত্যুর ঘটনায় গঠিত জাতিসংঘ তদন্ত দলের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কিছুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রী কানানের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটল। অক্টোবরের শেষের দিকে এ প্রতিবেদন প্রকাশিত হবে।

রফিক হারিরির মৃত্যুর জন্য সিরিয়াকে দায়ী করা হয়েছে।

লেবাননে সিরীয় বাহিনীর সাবেক নিরাপত্তা প্রধান কানানের মৃত্যুতে দামাস্কাস ব্যাপক অসন্তোষ প্রকাশ করে।

কানান (৬৩) বুধবার তার দামাস্কাস অফিসে আত্মহত্যা করেন বলে জানা গেছে।

ওয়াশিংটন কানানকে লেবাননে সিরিয়ার দখলদারিত্বের পেছনে প্রধান ব্যক্তি বলে আখ্যায়িত করেছে। কিন্তু তার মৃত্যুর ঘটনায় ওয়াশিংটন কোন মন্তব্য করেনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী ডেনিস রস বলেন, আমি মনে করি না, এটি একটি আত্মহত্যা।

ডেনিস রস জানান, জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে সিরিয়াকে দায়ী করা হলে কানানের অবস্থান জটিল হয়ে পড়ার সম্ভাবনা ছিল।

সিরিয়ার আইনপ্রণেতা মোহাম্মদ হাবাশ আল-আরাবিয়া টেলিভিশনকে জানান, মঙ্গলবার রাতে মন্ত্রিসভার বৈঠকে কানানকে বেশ সতেজ মনে হয়েছে। কোনও রকম উত্তেজনা বা উদ্বেগের ছাপ তার মধ্যে ছিল না।

তবে সিরিয়ার বিশ্লেষক সামির টাকি বলেছেন, লেবানন থেকে সিরীয় সেনা প্রত্যাহার ও জাতিসংঘের তদন্ত প্রতিবেদন কানানের মানসিক চাপ বৃদ্ধি করেছিল। লেবাননের পরিস্থিতির সাথে তার নাম সরাসরি জড়িত ছিল।

কানান ১৯৮২ সাল থেকে লেবাননের রাজধানী বৈরুতে সিরীয় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ছিলেন। তিনি ২০০২ সালে রাজনৈতিক গোয়েন্দা প্রধান হিসেবে দামাস্কাসে ফেরত আসেন। ২০০৪ সালে তিনি মন্ত্রিসভায় যোগদান করেন।