২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণবিক কর্মসূচি বন্ধে ইরানের প্রতি জাপানের আহ্বান

ইরানকে তার পারমাণবিক কর্মসূচি স্থগিত করার আহ্বান জানিয়ে জাতিসংঘের আণবিক শক্তি কমিশন (আইএইএ) সম্প্রতি যে প্রস্তাব পাস করেছে, তাতে সম্মতি জানাতে জাপানের পররাষ্ট্র মন্ত্রী তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন। জাপানের সরকারি এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 02:02 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

ইরানের পররাষ্ট্র মন্ত্রী মানুচেহের মোতাকির সঙ্গে টেলিফোনে আলাপকালে জাপানের পররাষ্ট্রমন্ত্রী নোবুতাকা মাশিমুরা বলেন, আমরা আশা করছি, আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের গৃহীত প্রস্তাবের ভিত্তিতে তেহরান সঠিক সিদ্ধান্ত নিবে। আইএইএ গত মাসে ইরানে অনুসন্ধান চালিয়ে পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তি লঙ্ঘনের প্রমাণ পায়।

এদিকে মোতাকি বলেন, ইরানের পারমাণবিক জ্বালানি শান্তিমূলক কাজে ব্যবহার করা হবে। তিনি আরও বলেন, তেহরান আইএইএ’র নিরাপত্তমূলক সব প্রক্রিয়া মেনে চলছে এবং ভবিষ্যতেও সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে।

আইএইএ’র দাবি অনুসারে ইরানের পারমাণবিক কর্মসূচির ইস্যুটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেরণের ঝামেলা এড়াতে তেহরান তার পারমাণবিক অস্ত্র কারখানায় আন্তর্জাতিক অস্ত্র পরিদর্শকদের প্রবেশের অনুমতি প্রদান করতে পারে বলে দেশটির সরকারি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন।

তেহরানে দুটো সামরিক স্থাপনা পরিদর্শনের অনুমতিসহ আইএইএ ইরানের পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির সাথে জড়িত থাকতে পারেন এমন সামরিক কর্মকর্তাদের সাক্ষাৎকার নিতে চায়।